২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা

প্রচারণার শেষ দিন মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2010, 08:15 AM

Updated : 25 Aug 2022, 12:14 PM

চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচারণার শেষ দিন মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শেষ মুহূর্তের গণসংযোগে ব্যস্ত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীরা। মঙ্গলবার রাতের মধ্যে শেষ হবে সকল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোট। সকাল থেকেই প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী যথাক্রমে এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এম মনজুর আলম গণসংযোগের মধ্য দিয়ে নিজেদের পক্ষে জনমত তৈরি এবং ভোটারদের আকৃষ্ট করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নেওয়া বহিরাগতদের সোমবার রাতের মধ্যে নগরী ছাড়ার নিষেধাজ্ঞা থাকায় কোনো দলের কেন্দ্রীয় নেতাদের মঙ্গলবার দেখা যায়নি। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও তাদের সমর্থকরাও পাড়ায়-মহল্লায় এবং ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন। সকাল ৯ টা থেকে বিএনপি সমর্থিত উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম. মনজুর আলম নগরীর বকশির হাট, পশ্চিম ও পূর্ব মাদারবাড়ি এলাকায় গণসংযোগ শুরু করেন। এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি চট্টগ্রামের উন্নয়নে পরিবর্তনের জন্য আনারস মার্কায় ভোট ও দোয়া চাইছেন। বেলা ৩ টায় মনজুর আলম ও চট্টগ্রামের বিএনপি নেতাদের নগরীর আগ্রাবাদ হোটেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা। অন্যদিকে মহিউদ্দিন চৌধুরী সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষের কাছে গিয়ে নিজের পক্ষে প্রচারণা চালান। তিনি পাথরঘাটা, ঝাউতলা, ফিরিঙ্গীবাজার ও মাদারবাড়ি এলাকায় অবস্থিত সেবক কলোনি, পাথরঘাটা জেলে পাড়া, নালাপাড়া এলাকায় যান। মহিউদ্দিন ওইসব এলাকায় গিয়ে মানুষদের সঙ্গে কথা বলেন এবং তিনি ভোট চাইতে নয়, আর্শীবাদ নিতে এসেছেন বলে উপস্থিত সাংবাদিকদের জানান। দুপুর ২ টায় নাগরিক কমিটির কার্যালয়ে মহিউদ্দিন চৌধুরীর সংবাদ সম্মেলন করার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/কেএমএস/১৪১৩ ঘ.