২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত হরতাল করেও যুদ্ধাপরাধীদের বাঁচানো যাবে না : মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, 'শত হরতাল করেও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2010, 02:46 PM

Updated : 25 Aug 2022, 12:03 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, 'শত হরতাল করেও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না।" শনিবার রাজধানীর মুক্তাঙ্গণে সরকার সমর্থক যুব সংগঠন যুবলীগের এক সমাবেশে এই আওয়ামী নেত্রী বলেন, "আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী এই দেশে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে।" সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসহ তাদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের সামাজিক-রাজনৈতিকভাবে প্রতিহত করতে লংমার্চ, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশসহ ৭ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। যুবলীগের সাধারণ সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এ কর্মসূচি ঘোষণা করেন। যুবলীগের সাত মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ১ জুলাই সকল জেলা ও ৮ জুলাই সকল উপজেলায় বিক্ষোভ সমাবেশ, ২২ জুলাই রাজশাহী, ২ সেপ্টেম্বর চট্টগ্রাম, ২৩ সেপ্টেম্বর বরিশাল, ৭ অক্টোবর রংপুর, ২১ অক্টোবর সিলেট ও ৮ নভেম্বর খুলনায় বিভাগীয় সমাবেশ এবং ১ ডিসেম্বর ঢাকা থেকে টেকনাফ, ১৯ ডিসেম্বর ঢাকা থেকে তেঁতুলিয়া, ২০১১ এর ২ জানুয়ারি ঢাকা থেকে কুয়াকাটা ও ১৬ জানুয়ারি ঢাকা থেকে সুনামগঞ্জ লংমার্চ। সমাবেশে মতিয়া চৌধুরী অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য খালেদা জিয়া হরতাল ডেকেছেন। তিনি যেভাবে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করতে ব্যর্থ হয়েছেন, সেভাবেই ৩০ লাখ মানুষের হত্যাকারী আর দুই লাখ মা-বোনের ইজ্জত লুণ্ঠনকারী যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে গত বুধবার বিএনপি'র গণঅবস্থান কর্মসূচির কথা উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য বলেন, "বাংলার মানুষ সেখানে আবারো সেই পুরান দৃশ্য দেখেছে। নিজামী-সাঈদীদের সঙ্গে খালেদা জিয়া এক মঞ্চে উঠেছেন।" জামায়াতকে উদ্দেশ্য করে মতিয়া বলেন, "২৯ ডিসেম্বরের নির্বাচনের পর গত ১৭ মাসে বিএনপি'র সঙ্গে তাদের দেখা যায়নি। আজ তারা বিএনপির সঙ্গে রাস্তায় থাকলেও কাল তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।" ঢাকা মহানগর যুবলীগের (উত্তর) সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/২০৫৩ঘ.