২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে নির্বাচন বিধি ভাঙার অভিযোগ

এবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 12:00 PM

চট্টগ্রাম, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে। শুক্রবার রাতে চিঠি দিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগ আনেন চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট ইসহাক মিয়া। নাগরিক কমিটির মহাসচিব এমদাদুল ইসলাম খালেদার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেন বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার গভীর রাতে নগরীর খুলশী এলাকায় চট্টগ্রামের শীর্ষস্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে টেলিকনফারেন্স করায় দলের চেয়ারপারসনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় বলে তিনি জানান। বিরোধী দলীয় নেত্রী টেলিকনফারেন্স করে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগে বলা হয়। চট্টগ্রামের শীর্ষ বিএনপি নেতারা বুধবার রাতে দল সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র পদপ্রার্থী মনজুর আলমের আমন্ত্রণে এক বৈঠকে মিলিত হন এবং দলের চেয়ারপারসনের সঙ্গে টেলিকনফারেন্স করেন। এ খবর বৃহস্পতি ও শুক্রবার বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়। চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয় এ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/০০০৭ ঘ.