চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী 'হাওয়া বুঝতে পেরে হয়রানির' জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।
বৃহস্পতিবার এই বিএনপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের করা মামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে তিনি সাংবাদিকদের একথা বলেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটার তালিকা নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগে এর আগে রাত সাড়ে ১১টায় নগরীর কোতোয়ালি থানায় নির্বাচন কমিশন এই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করে।
চট্টগ্রামের বাসভবনে সাংবাদিকদের কাছে তিনি অভিযোগ করেন, মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরদের সরবরাহ করা ভোটার তালিকার সিডিতে ভোটারের কোনো ছবি নেই।
বিএনপির এই জ্যেষ্ঠ সাংসদ বলেন, "আগে বলেছি ৫৫ হাজার ভোটারের তালিকায় ছবি নেই। এখন বলবো ১৭ লাখ ভোটোরেরই কোনো ছবি নেই।
"নির্বাচন কমিশন আমার কাছে ব্যাখা চাইতে পারত। কিন্তু তা না করে তারা মামলা করে দিয়েছে। আমার শরীরে যত লোম আছে, আমার বিরুদ্ধে মামলাও তত আছে। মামলাকে আমি ভয় পাই না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/এইচএ/০১২২ ঘ.
bdnews24