চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম) - চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের চারটি ভোটকেন্দ্র পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।
কয়েকদিন আগে এ চিঠি দেওয়া হলেও এর জবাব এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর নিয়ন্ত্রণাধীন ও পরিচালনাধীন কোন প্রতিষ্ঠান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন আইন ৭ (৫) অনুযায়ী ভোটকেন্দ্র হতে পারবে না।
এ কারণে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের চারটি কেন্দ্র সরিয়ে নিতে রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর স্বাক্ষর করা একটি চিঠি নির্বাচন কমিশনকে পাঠানো হয়েছে।
কেন্দ্রগুলো হলো- মোস্তফা হাকিম কে. জি. উচ্চ বিদ্যালয়, জয়নব আরা প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ঝর্ণাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ আমানত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও নতুন কুঁড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফরহাদ আরো জানান, প্রতিষ্ঠানগুলো কয়েকজন মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রাথীর পরিচালনাধীন ও নিয়ন্ত্রণাধীন বলে তারা জেনেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24