ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতাকে সংসদে এসে বাজেট প্রস্তাবনা তুলে ধরা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান প্রত্যাখান করেছে বিএনপি।
সোমবার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাজেট প্রস্তাবনার পর এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তাকে সংসদে এসে ওই প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, তার প্রস্তাব গ্রহণযোগ্য হলে বিবেচনা করা হবে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর আহবানকে 'মিথ্যা দাওয়াত' ও মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল হিসেবে অভিহিত করেন।
দেলোয়ার বলেন, "তিনি (প্রধানমন্ত্রী) বিরোধী দলকে সব সময় মিথ্যা অপবাদ দিচ্ছেন। তাহলে কীভাবে উনি আশা করেন আমরা সংসদে যাব। সংসদে কথা বলতে দেওয়া হয় না। কথা বলতে গেলে দুই-একটা কথা বলার পর মাইক বন্ধ করে দেওয়া হয়।"
বর্তমানে সংসদে যাওয়ার কোনো পরিবেশ নেই বলেও অভিযোগ করেন তিনি।।
খোন্দকার দেলোয়র বলেন, "আমরা আশা করব, প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর বাজেট প্রস্তাব বিবেচনায় এনে বাজেটকে সমৃদ্ধ ও অর্থবহ করবেন।"
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ১০ জুন জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করবেন।
প্রেস ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব দৈনিক আমার দেশ পত্রিকা পুনরায় চালু ও পত্রিকাটির গ্রেপ্তারকৃত ভারপ্রাাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বিএনপির আন্দোলনের কর্মসূচি
bdnews24