ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য বন্ধ করে দেওয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ বিএনপির ৩৬ সাংসদ।
সোমবার রাতে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, "এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন। এটা সরকারের স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ।"
এই ৩৬ সাংসদ অভিযোগ করেন, প্রথম থেকেই সরকার মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার চেষ্টা চালায়। তাতে ব্যর্থ হয়ে পরে আরো দুটি মামলা দিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
তারা অবিলম্বে আমার দেশ পত্রিকা পুনঃপ্রকাশ ও মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেন।
মাহমুদুর রহমানের কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে বলেও বিবৃতিতে হুঁশিয়ার করে দেওয়া হয়।
খালেদা জিয়া, মওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, সালাউদ্দিন কাদের চৌধুরী, এম কে আনোয়ার, জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লাহ বুলু, মজিবর রহমান সরওয়ার, জাফরুল ইসলাম চৌধুরীসহ প্রধান বিরোধী দলের ৩৬ জন সাংসদ বিবৃতিতে স্বাক্ষর করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১০ ঘ.
bdnews24