২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকবার বাদ পড়লেন জিয়া

শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বরিশাল বিশ্ববিদ্যালয় নামকরনে একটি সংশোধনী বিল পাস হয়েছে জাতীয় সংসদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 04:01 PM

Updated : 25 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বরিশাল বিশ্ববিদ্যালয় নামকরনে একটি সংশোধনী বিল পাস হয়েছে জাতীয় সংসদে। 'জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল' নামের এই বিলটি রোববার রাতে জাতীয় সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিরোধী দলের অনুপস্থিতিতে বিলটি পাস হয়। এর ফলে জিয়াউর রহমানের নাম বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়টির নতুন নামকরণ আইনগতভাবে বৈধ হওয়ার পথ সুগম হলো। ২০০৬ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বরিশালে জিয়াউর রহমানের নামে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। সে সময়ে 'শহীদ জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয় বিল' সংসদে পাস হয়। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ওই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বরিশাল বিশ্ববিদ্যালয় করে। সেজন্য এই আইনে সংশোধনী আনা হলো। এছাড়া সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত 'ক্যাডার বর্হিভূত প্রথম ও দ্বিতীয় শ্রেনীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারী ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলী (সংশোধন) বিল-২০১০,' কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী 'বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল বিল-২০১০' এবং 'ইপিজেড শ্রমিক কল্যাণ সমিতি ও শিল্প সম্পর্ক বিল-২০১০' সংসদে উত্থাপন করেন। পরে স্পিকার বিল তিনটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটিতে প্রেরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২১২৮ ঘ.