চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থী এম মঞ্জুর আলমের পক্ষে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহ আল নোমান।
সোমবার দুপুরে মঞ্জুর আলমের মায়ের জানাজায় অংশগ্রহণের পর বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের প্রভাবশালী এই নেতা সাংবাদিকদের এ কথা জানান।
মেয়র নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুরকে কয়েকদিন আগে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে বিএনপি। নোমানের এ ঘোষণার আগে রোববার গভীর রাতে নগরীর কাজীর দেউরীর ভিআইপি টাওয়ারের চারতলায় আব্দুল্লাহ আল নোমানের বাসায় যান মঞ্জুর।
রোববার রাত আড়াইটায় মঞ্জুরের মা মোস্তফা খাতুন (৮২) মারা যান। সোমবার দুপুর ২টায় নগরীর উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ মাঠে তার জানাজা হয়।
জানাজায় চট্টগ্রাম মেয়র নির্বাচনে মঞ্জুর আলমের প্রধান প্রতিন্দ্বদ্বী আওয়ামী লীগ সমর্থিত ও চট্টগ্রাম নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীও অংশ নেন।
এবার মেয়র নির্বাচনে বিএনপি মঞ্জুর আলমকে সমর্থন দেওয়ার আগ পর্যন্ত মেয়র প্রার্থী হিসেবে চট্টগ্রামে ব্যাপকভাবে আলোচনায় ছিলেন আব্দুল্লাহ আল নোমান। নির্বাচনে মঞ্জুরের প্রধান নির্বাচনী প্রতিনিধি মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে নোমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
জানাজা শেষে ফেরার পথে নোমান সাংবাদিকদের বলেন, "মঞ্জুর আলমের পক্ষে সবাইকে কাজ করতে বলবো। কারণ দল তাকে সমর্থন করেছে।"
নির্বাচনে নিজের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, "দীর্ঘ ১৭ বছর পর পরিবর্তনের প্রত্যাশায় জনগণ আমাকে চাইছিলো। কিন্তু আমি প্রার্থী হওয়ার চেষ্টা করিনি।"
মঞ্জুর বিএনপির কেউ নন
bdnews24