ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্ট ও ভৈরব সেতু নির্মাণ নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেওয়া নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি রুলনিশি জারি করেছে।
সোমবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এসএম এমদাদুল হকের বেঞ্চ খালেদার দায়ের করা দু'টি পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করে।
দুদকের চেয়ারম্যান, সচিব, কমিশনার ও সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তাকে আগামী এক সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৫ ফেব্র"য়ারি ও ২ মে খালেদাকে দুদক দু'টি বিষয়ে চারটি করে নোটিশ দেয়। এসব নোটিশে জিয়াউর রহমান চ্যারিটেবল ট্রাস্টের ব্যাংক হিসাবে অবৈধ অস্বাভাবিক লেনদেন ও ভৈরব সেতু নির্মাণে 'অনিয়ম' সম্পর্কে খালেদার বক্তব্য জানতে চাওয়া হয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৮ মে খালেদা জিয়া হাইকোর্টে দু'টি পৃথক রিট আবেদন দায়ের করেন।
আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আনিসুল হক। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২১০৯ঘ.
bdnews24