ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইন-শৃঙ্খলা বিরোধী কোনো কর্মকাণ্ডের জন্য তার দলের কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না।
শনিবার শেরাটন হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। কোথাও কেউ কিছু করলে আমরা ছাড় দিই না। অন্যায় করলে শাস্তি দেওয়া হচ্ছে। আমার দলের কেউ হলেও ছাড় দেওয়া হচ্ছে না। আমরা শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই।"
সরকারি দল আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা ধরনের অভিযোগের খবর পত্র-পত্রিকায় প্রকাশ হয়ে আসছে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকার সমর্থক ছাত্রলীগের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ রয়েছে।
প্রধানমন্ত্রী শেরাটনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) আয়োজিত টেক্সবাংলা উদ্বোধন করেন।
বিদ্যুৎ খাতের উন্নয়ন সরকারের কাজে অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে।
বস্ত্রখাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
হাসিনা বলেন, "বিদ্যুৎ সেক্টরকে আমরা ইমার্জেন্সি সেক্টর হিসাবে ঘোষণা করেছি।"
বর্তমান বিদ্যুৎ সমস্যার জন্য আবারও আগের সরকারগুলোকেই দায়ী করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "এ সমস্যা আমরা সৃষ্টি করিনি। আমাদের রেখে আসা প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ২০০৯ সালে বিদ্যুৎ উৎপাদন দাঁড়াতো কমপক্ষে ছয় হাজার মেগাওয়াট।"
প্রতিবছর দেশে বিদ্যুতের চাহিদা আট শতাংশ হারে বাড়ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, কিন্তু গত সাত বছরে এক মেগাওয়াট বিদ্যুৎও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি।
যদিও ২০০১ থেকে '০৬ সাল পর্যন্ত ক্ষমতাসীন চারদলীয় জোটের দাবি প্রধানমন্ত্রীর এ বক্তব্য সত্য নয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উল্টো বলেন, আওয়ামী লীগের আগের আমলেই (১৯৯৬-২০০১) জাতীয় গ্রিডে কোনো বিদ্যুৎ যোগ হয়নি।
বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের ধৈর্য ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "আমরা গ্যাস বিক্রি করতে চাইনি বলেই ২০০১ এ ক্ষমতায় আসতে পারিনি। এটাই বাস্তবতা।"
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বস্ত্রখাতের উন্নয়নে সব ধরনের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত।
"বস্ত্রখাতের সঙ্গে সংশ্লিষ্ট সব উপখাতের উদ্যোক্তারা মিলে একটি সমন্বিত কার্যপ্রণালী গ্রহণ করলে সবাই উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি", বলেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
অনুষ্ঠানে স্বাধীনতার পর থেকে এই শিল্পের উন্নয়নের একটি 'পাওয়ার পয়েন্ট' উপস্থাপন করেন বিটিএমএ'র সাবেক সভাপতি সালমান এফ রহমান।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিটিএমএ'র সভাপতি আব্দুল হাই সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর শেরাটনের উইন্টার গার্ডেনে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৫৩০ ঘ.
bdnews24