২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সমাবেশে আসতে বাধার অভিযোগ

পল্টনের জনসভামুখী বিএনপি নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 09:07 AM

Updated : 25 Aug 2022, 10:40 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনের জনসভামুখী বিএনপি নেতা-কর্মীদের বিভিন্ন স্থানে বাধা দেওয়া হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। প্রধান বিরোধী দলের গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের নেতারা বলছেন, সরকার সমর্থকদের পাশাপাশি প্রশাসন ভ্রাম্যমাণ আদালত বসিয়েও জনসভামুখী গড়িগুলোকে হয়রানি করছে। বিকালে পল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ হবে। এতে সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। পল্টনের এ সমাবেশে ঢাকা বিভাগের সব জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা যোগ দিচ্ছেন বলে কেন্দ্রীয় নেতারা জানান। তবে বিএনপির এ অভিযোগের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। গাজীপুরের কাপাসিয়ায় এবং শ্রীপুরে বিএনপি নেতা-কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় নেতারা। কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপাসিয়া ফকির মজুন শাহ সেতুর ওপর এবং শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বাধার মুখে পড়েন তারা। শ্রীপুরে বিএনপি এবং সরকার সমর্থক শ্রমিক লীগকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয় বলে পুলিশ জানায়। খলিল বলেন, "মজনু শাহ সেতুর ওপর আওয়ামী লীগকর্মীরা ব্যারিকেড দিয়ে আমাদের গাড়ি আটকে দেয়। ফলে সকাল সাড়ে ১০টার পর পল্টনমুখী আমাদের গাড়িগুলো আসতে পারেনি।" এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জামালউদ্দিন মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে পড়লে পারাপারে সমস্যা হয়।" তবে কোনো ধরনের ব্যারিকেড দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। মাওনা চৌরাস্তায় বাধার কথা জানিয়ে খলিল বলেন, "সাড়ে ১১টার দিকে মাওনা চৌরাস্তায় শ্রমিক লীগের নেতারা গাড়িবহরে হামলা চালায়। তারা বিএনপিকর্মীদের মারধর করে।" শ্রীপুর থানার ওসি নাজমুল হাসান ভূইয়া বলেন, বিএনপি ও শ্রমিক লীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। খলিল অভিযোগ করেন, গাজীপুর থেকে ঢাকার পথে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কাগজপত্র পরীক্ষার নামে সমাবেশমুখী গাড়িগুলোকে হয়রানি করা হচ্ছে। নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা আসার পথে নারায়ণগঞ্জের ভুলতায় তাদের ১০টি গাড়ি আটকে নেতা-কর্মীদের মারধর করে নামিয়ে দিয়েছে সরকার সমর্থকরা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খোন্দকার অভিযোগ করেছেন, রূপগঞ্জ ও আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর এলোপাতাড়ি ট্রাক রেখে সমাবেশমুখী গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছে। জেলা শহরের চাঁদমারী নতুন কোর্ট এলাকায় সকালে বিএনপির একটি মিছিলে হামলা হয়েছে দাবি করে তিনি সাংবাদিকদের বলেন, এতে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন সেলিমসহ পাঁচজন আহত হয়েছে। বিএনপি নেতারা বলছেন, রূপগঞ্জের রূপসী, তারাবো বিশ্বরোড, গাউছিয়া ও আড়াইহাজার এলাকায় ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীদের বহনকারী শতাধিক বাস আটকা পড়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের সোনারগাঁও উপজেলার কাঁচপুর থেকে নরসিংদী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা বলছেন। তবে বিএনপির অভিযোগ নাকচ করে রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০০ ঘ.