২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে বিকালে ভাষণ দেবেন খালেদা

পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় এর কার্যক্রম শুরু হবে। বিকালে সেখানে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 04:48 AM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২টায় এর কার্যক্রম শুরু হবে। বিকালে সেখানে ভাষণ দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালের পর ঢাকায় বিভাগীয় এ মহাসমাবেশ করছে প্রধান বিরোধী দল বিএনপি। এই মহাসমাবেশ থেকে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা সাবেক প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, মহাসমাবেশ শুরু হবে দুপুর ২টায়। প্রধান অতিথি খালেদা জিয়া ৪টার মধ্যে পল্টন ময়দানে এসে পৌঁছবেন। এ মহাসমাবেশ উপলক্ষে পল্টন ময়দান ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসমাবেশ উপলক্ষে পল্টন ময়দানসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার প্রায় দেড় হাজার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে। পল্টন ময়দানে সিসিটিভি ও আর্চওয়ে স্থাপন করা হয়েছে বলে তিনি জানান। ওদিকে স্বেচ্ছাসেবক দলের দেড় হাজার সদস্য পল্টন ময়দানের নিরাপত্তার নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন মহাসমাবেশের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। নজরুল ইসলাম বলেন, "বিভাগের সব জেলা, উপজেলা ও পৌরসভা থেকে কর্মী-সমর্থকরা দুপুরের মধ্যে পৌঁছবেন। খবর পেয়েছি, ইতিমধ্যে অনেক স্থান থেকে বাস রওনা হয়েছে।" ব্যাপক মানুষের উপস্থিতিতে নগরবাসীর চলাচলে কষ্ট হবে স্বীকার করে সেজন্য আগাম দুঃখ প্রকাশ করে তিনি বলেন, "আমরা দেশের মানুষের ভালো ও তাদের সমস্যা সমাধানের জন্য এই মহাসমাবেশ করছি। ভবিষ্যতের ভালো কিছুর জন্য একটু কষ্ট স্বীকার করতে হবে।" সকাল ১১টা থেকে মহাসমাবেশ শুরু পর্যন্ত জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা গণসঙ্গীত ও দেশাত্মকবোধক গান পরিবেশন করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এম এ মালেক। মহাসমবাশের মঞ্চ নির্মাণ করা হয়েছে ময়দানের পূর্ব দিকের শেষ সীমানায়। সকালে মঞ্চের পাশে উত্তোলন করা হয়েছে জাতীয় ও দলীয় পতাকা। মাঠের আশপাশের উঁচু ভবনে টানানো হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি সম্বলিত রঙিন ব্যানার। একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম গেটে। খালেদা জিয়া গত ২৯ মার্চ চট্টগ্রামের লালদিঘী ময়দানে মহাসমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় মহসমাবেশ কর্মসূচি শুরু করেন। এরপর খুলনা, রাজশাহী ও সর্বশেষ বরিশালে মহাসমাবেশ করেছেন তিনি। সর্বশেষ করবেন সিলেটে। তবে তার দিনক্ষণ ঘোষণা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এজে/১০৪১ ঘ.