ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মাধ্যমে সোমবার প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করছে আওয়ামী লীগ।
শেখ হাসিনার অনুপস্থিতিতে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের সংযোগী সংগঠনগুলোও নানা কর্মসূচি পালন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া ছয় দিনের সরকারি সফরে গেছেন শনিবার।
স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পাঁচ বছর পর তার বড় মেয়ে শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ মে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দেশে ফেরেন।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। এরপর সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল হয়।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য শেখ হারুন-অর-রশিদ, আব্দুর রহমান, মির্জা আজম, ড. শিরীন শারমীন চৌধুরী, আখতার জাহান ও সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষও সেখানে উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেসময় তার দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় প্রাণে বেঁচে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১৫২৮ ঘ.
bdnews24