ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক আবাসিক হলের ২০ ছাত্রলীগ নেতাকর্মীকে দলে যোগ দিতে ডাকে প্রচারপত্র পাঠিয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ওই নেতাকর্মীদের রোববার বেলা তিনটার দিকে ডাক বিভাগের কর্মী চিঠির খামে ভরা প্রচারপত্রগুলো দিয়ে যায়।
হল ছাত্রলীগ সভাপতি শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হলের নেতাদেরসহ নেতাকর্মীদের রুম নম্বর উল্লেখ করে চিঠি পাওয়ায় তারা কিছুটা শঙ্কিত। এতে প্রেরকরা আশপাশেই আছে বলে মনে করছেন তারা।
শাহিন ও সাধারণ সম্পাদক শেখ নবিরুজ্জামান বাবুসহ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় বেশ কয়েকজন কর্মীর নামে প্রচারপত্র পাঠানো হয়।
চিঠির খামে প্রাপকের রুম নম্বরসহ ঠিকানা থাকলেও প্রেরকের কোন নাম-ঠিকানা নেই।
হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ঘটনা জানানো হয়েছে বলে জানান নবিরুজ্জামান। তিনি জানান, এ বিষয়ে তারা শাহবাগ থানায় একটি জিডি করবেন।
গত বছরের নভেম্বর মাসে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৫৩ ঘ.
bdnews24