ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীদের নিয়ে এবার নির্বাচন কমিশন (ইসি) আয়োজন করছে নির্বাচনী বিতর্ক।
বিবিসি বাংলা'র সঞ্চালনা ও বাংলাদেশ টেলিভিশনের কারিগরি সহায়তায় আগামী ৭ ও ৮ জুন প্রার্থীদের সরাসরি অংশগ্রহনে বিতর্কের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ও প্রযোজক বিবিসি বাংলার সাবির মোস্তফা, ওয়ালিউর রহমান মিরাজ এবং বিটিভির কামরুন্নেছা হাসানের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন সাখাওয়াত হোসেন।
বৈঠকের পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মেয়র প্রার্থীদের 'বিতর্কের' জন্য সংসদ অধিবেশন ও বিশ্বকাপ ফুটবলের কথা মাথায় রেখে ৭ ও ৮ জুন সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিবিসি বাংলা ও বিটিভি এ বিষয়ে আরো পর্যালোচনা করে সময়সূচি চূড়ান্ত করবে।"
তিনি জানান, প্রথমবারের মতো মেয়র প্রার্থীদের অংশগ্রহনে নির্বাচনী সংলাপের আয়োজন করে ইসি। এরই ধারাবাহিকতায় নবম সংসদ নির্বাচনেও সংলাপ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। সময় স্বল্পতায় তা আর হয়ে উঠে নি। তবে এবার আর সংলাপ নয়, ভোটারদের প্রশ্নের পাশাপাশি বিতর্ক হবে প্রতিদ্বন্দ্বিদের মধ্যে।
প্রার্থীদের মধ্যে কী ধরনের বিতর্ক হবে জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, "সিসিসিতে কোনো জনসভা, সমাবেশ করার অনুমতি নেই। পূর্বানুমতি নিয়ে পথসভা করার সুযোগ রয়েছে। ইসি প্রার্থীদেরকে একই মঞ্চে এনে কোনো সমাবেশ আয়োজন (প্রজকশন মিটিং) করছে না। এ অবস্থায় প্রার্থীদের পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ বা জিজ্ঞাসার কিছু থাকলে এই বিতর্ক অনুষ্ঠানে জবাবের সুযোগ দেওয়া হবে।"
২০০৮ সালের জুলাইয়ে চার সিটি কর্পোরেশনের (রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) মেয়র প্রার্থীদের সংলাপ আয়োজনের প্রসঙ্গ তুলে ধরে এম সাখাওয়াত হোসেন জানান, ওই সময় প্রার্থীরা ভোটারদের প্রশ্নের জবাব দিয়েছেন। এবার প্রতিদ্বন্দ্বীদের তর্ক করার সুযোগ থাকছে। যেজন্য এটাকে সম্ভাব্য মেয়রের ইলেক্টরাল ডিবেট বলা হচ্ছে।
নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানের আয়োজনের বিষয়ে প্রাক প্রস্তুতি শুরু করেছে বিবিসি বাংলা। এজন্যে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গবেষণা ও জরিপ করা হচ্ছে।
এ তথ্য জানিয়ে বিবিসি বাংলার ওয়ালিউর রহমান মিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রার্থী সংখ্যার উপর নির্ভর করছে কয় দিন অনুষ্ঠান হবে। প্রতিদিন পাঁচ জন করে প্রতিদ্বন্দ্বী রাখার চিন্তাভাবনা রয়েছে। তবে সম্ভাব্য সময়সূচিকে সামনে রেখে স্থান নির্ধারণ, প্রায় দেড়শ' অংশগ্রহণকারী ভোটার নির্বাচন ও অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন করা হবে।"
তিনি জানান, প্রতিদিন রাত ৮ টার খবরের পর থেকে ৯ টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৭০ মিনিটব্যাপী এ অনুষ্ঠান পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সিসিসি'র সহকারি রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সর্বশেষ ২০০৫ সালের নির্বাচনে মেয়র পদে ২৩ জন মনোনয়নপত্র দাখিল করে। এরমধ্যে চূড়ান্ত প্রার্থী হন ২১ জন।
১৭ জুন অনুষ্ঠিতব্য সিসিসি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ মে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যাচাই বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হচ্ছে ১ জুন।
২০০৮ সালে চার সিটি কর্পোরেশনের মধ্যে মেয়র পদে রাজশাহীতে ১৫ জন, খুলনায় ছয় জন, বরিশালে ১০ জন ও সিলেটে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এসময় বরিশাল অডিটরিয়ামে, খুলনা জিয়া হলে, রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে ও সিলেটের জালালাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড মিলনায়তনে নির্বাচনী সংলাপ হয়।
সিটি কর্পোরেশন ও প্রার্থীদের সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের কথাগুলোই অনুষ্ঠানে উঠে আসবে। এর মাধ্যমে মেয়র ও স্থানীয় জনগণের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে জানান তিনি।
২০০৮ সালের ৪ আগস্ট সিটি করপোরেশন নির্বাচনের আগে 'নির্বাচনী সংলাপ' এর প্রযোজকও ছিলেন মিরাজ। বিবিসি'র বাংলাদেশ সংলাপের আদলে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
বিটিভি'র উপ মহাপরিচালক কামরুন্নেছা হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ অনুষ্ঠানের কারিগরি সহাযোগিতা করবে এই সরকারি টেলিভিশন। বিটিভি ও বাংলাদেশ বেতার অনুষ্ঠান সরাসরি স
bdnews24