রাজশাহী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে লাঠিপেটা করে জামায়াতের মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।
এ সময় জামায়াত ও তার সহযোগী সংগঠন ছাত্রশিবিরের নয়জন নেতাকর্মীকে আটক করা হয়।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি নাগরিক খুনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুর ২টার দিকে নগরীর গোরহাঙ্গা রেলগেট এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মানববন্ধন করার জন্য জড়ো হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি পালন করতে গেলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে আটক করা হয় শফিকুল ইসলাম, মোখলেসুর রহমান-১, জালাল উদ্দিন, আখতারুজ্জামান, জাহাঙ্গীল আলম, ইয়ামিন আলী, রবিউল ইসলাম, মোখলেসুর রহমান-২ ও সারোয়ার হোসেনকে।
এদের বাড়ি নগরীর বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানায়।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচি পালন করছিল তারা। এ ছাড়া কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নেওয়া হয়নি।
তিনি জানান, আটককৃতদের বোয়ালিয়া থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24