ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে কাজী নজরুল ইসলামসহ অন্য কবি-সাহিত্যিকদের নামে প্রতিষ্ঠান গড়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ দাবি জানান।
রবীন্দ্রস্মৃতি সংরক্ষণ ও রবীন্দ্র-গবেষণায় সরকার ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আদলে বাংলাদেশের শিলাইদহ-শাহজাদপুরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বলে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানের উদ্বোধনে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওসমানী স্মৃতি মিলনায়তনে ওই অনুষ্ঠান ছিলো রবীন্দ্রনাথের ১৪৯তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদযাপনের উদ্বোধনী।
প্রধানমন্ত্রীর ওই ঘোষণাকে 'ভালো' বলে মন্তব্য করে রোববার দেলোয়ার বলেন, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন ভালো কথা। আমরা এর সমর্থন করি। তবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ অন্য যারা কবি-সাহিত্যিক আছেন, তাদের নামেও প্রতিষ্ঠান করতে হবে।"
২০০৫ সালে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়।
এক চোখ অন্ধ করে দেশীয় সংস্কৃতির বদলে একটি বিশেষ সংস্কৃতির জন্য কিংবা কেবল একজনের জন্য মাতামাতি করলে তা জনগণ ভালো চোখে দেখে না বলে রোববার মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
'অবৈধ' তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোনো তফাৎ যে নেই তা তাদের বর্তমান কর্মকাণ্ড প্রমাণ করে বলেও মন্তব্য করেন দেলোয়ার।
তিনি বলেন, "এরা সেই সরকারেরই ধারাবাহিক সরকার হিসেবে কাজ করছে। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতা টিকিয়ে রাখতে এখন তারা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর মামলা-হামলার পথ বেছে নিয়েছে।
"এসবে শেষ রক্ষা হবে না," বলেন দেলোয়ার।
শনিবার যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে লন্ডনে যেতে বাধা দেওয়ায় সংবাদ ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করেন দেলোয়ার।
তিনি বলেন, "এরকম স্বৈরাচারী আচরণ নির্বাচিত গণতান্ত্রিক সরকার করতে পারে না। আমরা এর নিন্দা জানাই।"
এ সময় তিনি জানান, অতীতে দলের জ্যেষ্ঠ নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, ইকবাল হাসান মাহমুদসহ কয়েকজন নেতাকেও 'ওপরের নির্দেশে' হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়।
লন্ডনে চিকিৎসাধীন স্ত্রী নাসিমা আলালকে দেখতে যেতে শনিবার সকালে বিমানবন্দরে গেলে আলালকে ফেরত পাঠানো হয়।
রোববার বগুড়ায় অর্ধদিবস হরতাল সফল হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
গত ৫ মে রাজশাহীতে বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে নাটোরের শিংড়ার কাছে ছাত্রলীগের হামলায় বগুড়ার স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন নিহত হওয়ার প্রতিবাদে ওই হরতাল ডাকে স্থানীয় বিএনপি।
সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করিম বাদরু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭১২ ঘ.
bdnews24