২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের কারণে বদনাম হচ্ছে: কামরুল

ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকারের বদনাম হচ্ছে বলে স্বীকার করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 09:31 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের কর্মকাণ্ডে সরকারের বদনাম হচ্ছে বলে স্বীকার করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি একইসঙ্গে বলেছেন, ছাত্রলীগকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা ব্যবহার করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রোববার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর স্বামী পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। কামরুল বলেন, "বর্তমানে ছাত্রলীগের রাজনীতির কারণে সরকারের বদনাম হচ্ছে। যারা সত্যিকার সুস্থ রাজনীতি করে তারা এসব কর্মকাণ্ড করতে পারে না।" নবম সংসদ নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পায় আওয়ামী লীগ। সরকার গঠনের পর আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস, টেন্ডারবাজিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। ওয়াজেদ মিয়ার ছাত্র রাজনীতির প্রসঙ্গ তুলে আইন প্রতিমন্ত্রী বলেন, "ছাত্র রাজনীতি করলেও তিনি পড়ালেখা এবং নিজের ক্যারিয়ার নিয়ে বিভ্রান্ত হননি। এর ফলে ভালো ফলাফল এবং আন্তর্জাতিক মানের পরমাণু বিজ্ঞানী হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন।" ছাত্রলীগের প্রসঙ্গে সাবেক আইন প্রতিমন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, "যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা হয় অনুপ্রবেশকারী; না হয় পথভ্রষ্ট। এরা ছাত্রলীগের কর্মী না।" তিনি অপরাধীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, "যেসব এসআই, এসপি এদের গ্রেপ্তার করতে পারবে না, প্রয়োজনে তাদের বরখাস্ত করুন।" "বর্তমান ছাত্রনেতারা ছাত্রলীগের রাজনীতিকে কলুষিত করছে", যোগ করেন খসরু। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "এখন ছাত্রনেতারা বলেন, 'রাজনীতির কারণে পরীক্ষার ফল খারাপ হয়; ইয়ার লস হয়'। এটা আমরা যারা ৬০'র দশকে ছাত্র রাজনীতি করেছি তাদেরকে পীড়িত করে। কারণ রাজনীতি নিঃস্বার্থভাবে করতে হয়। একটি আদর্শে দীক্ষিত হয়ে রাজনীতির পথে হাঁটতে হয়।" সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/এমআই/১৫২০ ঘ.