২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মে ইসি অভিমুখে মিছিল করবে বিএনপি

ভোলা উপনির্বাচনের ফল বাতিল এবং সিইসিসহ তিন নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ৩ মে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে মিছিল করবে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2010, 12:58 PM

Updated : 24 Aug 2022, 08:56 PM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা উপনির্বাচনের ফল বাতিল এবং সিইসিসহ তিন নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আগামী ৩ মে নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে মিছিল করবে বিএনপি। বুধবার মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গত ২৪ এপ্রিল অনুষ্ঠিত ভোলা-৩ আসনের উপনির্বাচনে জয়ী হন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে তার ভোটের ব্যবধান ছিলো ৫০ হাজার। সমাবেশে নজরুল বলেন, "ভোলায় কোন গণতান্ত্রিক নির্বাচন হয়নি, প্রহসন হয়েছে। তাই ওই নির্বাচনের ফল বাতিল ও নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে। এ লক্ষ্যে আগামী ৩ মে বিকাল তিনটায় মুক্তাঙ্গন থেকে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল করবো।" নয়া পল্টনে বিকালে মহানগর বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি নেতা-কর্মীরা সমাবেশে অংশ নেয়। ভোলা-৩ আসনের উপনির্বাচনের ফল বাতিল ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে গত ২৬ এপ্রিলও মুক্তাঙ্গনে সমাবেশ করে বিএনপি। সেদিন ২৮ এপ্রিল সারাদেশের জেলা, পৌরসভায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়। রাজধানীতে কেন্দ্রীয় কর্মসূচিতে এই মিছিলের ঘোষণা দেওয়া হলো। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচন কমিশন ভোলায় সরকারি দলের প্রার্থীকে জিতিয়ে আনতে একটি প্রহসনের নির্বাচন করেছে। দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, ভোলা উপনির্বাচনে সরকারি দলের 'ক্যাডার-সন্ত্রাসীরা' মানবাধিকারবিরোধী কার্যক্রম চালিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিয়েছে। অবিলম্বে ওইসব কর্মকাণ্ডের বিচারবিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। নইলে বিএনপি ক্ষমতায় গিয়ে বিচার করবেই। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাংসদ আবুল খায়ের ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান, ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন আহমেদ টুকু প্রমুখ বক্তব্য দেন। সভা পরিচালনা করেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫৬ ঘ.