ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় নির্বাচনী সহিংসতার জন্য উভয় পক্ষই দায়ী বলে মনে করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি বলেন, এক হাতে তালি বাজে না। গণ্ডগোলের জন্য দুপক্ষেরই সংশ্লিষ্টতা লাগে। তেমনটা ঘটেছে বলেই সহিংসতা হয়েছে।
রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মতিয়া।
উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী মন্তব্য করেন, শেষ মুহূর্তে নির্বাচন পেছানোর দাবি করে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ ভোটারদের মনোবল ভেঙে দেন। ফলে ভোটাররা নির্বাচনের প্রতি তেমন একটা আগ্রহ দেখায়নি।
ভোলা-৩ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন বিএনপির প্রার্থীর চেয়ে ৫০ হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। শাওন পান ৯৩ হাজার ৮৭৩ ভোট। অন্যদিকে হাফিজ পেয়েছেন ৪২ হাজার ৬৫৮ ভোট।
মোট ৮৬টি ভোট কেন্দ্রের মধ্যে গোলযোগের কারণে ৯টিতে ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত কেন্দ্রগুলোর মোট ভোটের সংখ্যা ৩১ হাজার ৫৬৬।
নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিএনপি ইতিমধ্যে এ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে। ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেছে দলটি।
বিরোধী দলের সব দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন এ নির্বাচন করেছে দাবি করে মতিয়া বলেন, তারা বলেছেন এসপি বদলাতে হবে, বদলানো হয়েছে। বলেছেন বহিরাগতরা ঢুকতে পারবে না, তাও বন্ধ করা হয়েছে। কিন্তু তাদেরই বহিরাগত লোক, সমর্থক ও নেতারা ঢোকার চেষ্টা করেছে।
তিনি আরো বলেন, "আমাদের কোনো বহিরাগত লোক সেখানে ছিলো না। মানুষ আমাদের ভোট দিয়েছে, আমরা জিতেছি। এখন সরকার কি হেরে প্রমাণ করবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে?"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০২৮ ঘ.
bdnews24