২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ ভোট ডাকাতি করেছে: খন্দকার মোশাররফ

ভোলায় আওয়ামী লীগ প্রকাশ্যে ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 08:47 PM

শেরপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলায় আওয়ামী লীগ প্রকাশ্যে ভোট ডাকাতি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার বিকালে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক জনসভায় তিনি বলেন, বিএনপি'র এজেন্ট, প্রার্থী ও ভোটাররা আওয়ামী লীগকর্মীর বাধায় ভোট কেন্দ্রে যেতে পারেনি। প্রশাসনের সহায়তায় প্রকাশ্যে ভোট ডাকাতি করে কলঙ্ককময় আরেকটি দিনের জন্ম দিয়েছে আওয়ামী লীগ। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভোলায় ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সব সদস্যের পদত্যাগ দাবি করেন। জনগণকে মতামত প্রকাশ করতে না দেওয়ায় এ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন মোশাররফ। তিনি বিএনপি নেতাকর্মী ও জনগণকে এই ব্যর্থ সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। শেরপুর জেলা বিএনপি'র সভাপতি একেএম ছাইফুল ইসলাম কালামের সভাপতিত্বে জনসভায় দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশারফ হোসেন, সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরী, প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩১ ঘ.