২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয় বুঝে হাফিজ সরতে চেয়েছিলেন: হানিফ

ভোলার উপনির্বাচনে জয় নয়, আন্দোলনের একটি ইস্যু তৈরি করাই বিএনপির মূল উদ্দেশ্য বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2010, 07:47 AM

Updated : 24 Aug 2022, 08:46 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার উপনির্বাচনে জয় নয়, আন্দোলনের একটি ইস্যু তৈরি করাই বিএনপির মূল উদ্দেশ্য বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, পরাজয় বুঝেই হাফিজউদ্দিন আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বাধার সৃষ্টি করতেই বিএনপি এ চেষ্টা চালাচ্ছে বলে ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদকের অভিযোগ। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে শনিবার ভোটগ্রহণ হবে। সেখানে বিএনপির হাফিজের সঙ্গে লড়ছেন আওয়ামী লীগের নূরুন্নবী চৌধুরী শাওন। বিএনপি অভিযোগ করে আসছে, সরকার ও নির্বাচন কমিশন সেখানে ভোলায় সাজানো নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রার্থীকে হারাতে চাইছে। হানিফ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যায় কি না, তার জন্য এই নির্বাচনকে ইস্যু বানাতে চায় বিএনপি। তারা এই নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেও শুধু যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টি করতে একটি নন ইস্যুকে ইস্যু বানাতে চাচ্ছে। "এ নির্বাচনে মেজর হাফিজ নিশ্চিত পরাজিত হবেন। কিন্তু, বেগম জিয়ার নিশ্চিত জয়ী হবেন। তিনি যে ইস্যু সৃষ্টি করতে চেয়েছিলেন, তা পারবেন।" "তবে সরকার তা রাজনৈতিকভাবে প্রতিহত করবে", বলেন হানিফ। দুদিন আগে নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছিলেন হাফিজ, পরে অবশ্য তিনি সে অবস্থান থেকে সরে আসেন। এ বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হানিফ বলেন, "প্রথমে এ নির্বাচনের প্রচারণায় বিএনপি'র কেন্দ্রীয় নেতারা অংশ নেননি। এমনকি স্থানীয় নেতারাও না। ওয়ান ইলেভেনের পর তো মেজর হাফিজকে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও দাবি করেছিলেন খন্দকার দেলোয়ার ও রিজভী আহমেদ।" সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপি দুটি ধারায় বিভক্ত হয়ে কার্যক্রম চালায়। দেলোয়ারের পাশাপাশি হাফিজও নিজেকে মহাসচিব দাবি করে দলের একটি অংশের নেতৃত্ব দেন। পরে ২০০৮ সালের শেষ দিকে নির্বাচনের আগে তাদের দ্বন্দ্বের অবসান ঘটে। ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির দাবি নাকচ করে হানিফ বলেন, "বিএনপি অসত্য ও মনগড়া তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।" হাফিজ সংসদ সদস্য থাকার সময় সংখ্যালঘুসহ সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন দাবি করে হানিফ বলেন, মানুষ তা ভুলে যায়নি। তাই উপনির্বাচনে শাওনই জয়ী হবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি দল ভোলায় নির্বাচনী প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা ফিরেছে। আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে ভোলা সফরকারী দলের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৩৪০ ঘ.