খুলনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভাগীয় সাংগঠনিক মহাসমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুর ৩টার দিকে খুলনায় পৌঁছায় তার গাড়িবহর।
বিকালে নগরীর শিববাড়ী মোড়ে ওই মহাসমাবেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
খালেদা জিয়ার গাড়িবহর সকাল ৮টার দিকে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসা থেকে রওনা হয়। গাড়িতে তার সঙ্গে ছিলেন দলের সহসভাপতি সেলিমা রহমান।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খুলনা পৌঁছে সার্কিট হাউজে মধ্যহ্নভোজ শেষে দলীয় সমাবেশে যোগ দেবেন তিনি।
বিএনপি ছয়টি বিভাগীয় শহরে মহাসমাবেশ অনুষ্ঠানের যে কর্মসূচি নিয়েছে এটি তার দ্বিতীয়টি। প্রথমটি হয় চট্টগ্রামের লালদিঘী ময়দানে গত ২৯ মার্চ।
ওই মহাসমাবেশে বিরোধী দলীয় নেতা বলেন, "আমাকে ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশ পাঠাতে চেয়েছিলো তত্ত্বাবধায়ক সরকার।"
এর কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি থাকা অবস্থায় তাকে 'স্লো পয়জনিং' করা হয়েছিল।
ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে ধামরাই, মানিকগঞ্জ, ঘিওর, পাটুরিয়া, মাগুরা, ঝিনেইদহসহ বিভিন্ন স্থানে রাস্তার দুই পাশে দলের নেতাকর্মীরা তাদের নেত্রীকে করতালি দিয়ে স্বাগত জানায়। খালেদা জিয়া হাত নেড়ে তাদের অভিনন্দন জানান।
পথে মাগুরায় যাত্রাবিরতি করেন খালেদা জিয়া।
২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর খুলনায় এটি হতে যাচ্ছে খালেদা জিয়ার প্রথম মহাসমাবেশ।
খুলনায় অবস্থানরত দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে পানি নেই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। তার ওপর বেড়েছে ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজি। দ্রব্যমূল্য পরিস্থিতি ও আইনশৃঙ্খলার অবণতির প্রেক্ষাপটে এই জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশনেত্রী খালেদা জিয়া।"
খুলনায় সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের নানা প্রতিবন্ধকতার পরও এই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপি খুলনার পর রাজশাহী, বরিশাল, সিলেট ও রংপুরে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠান শেষে ঢাকায় পল্টন ময়দানে মহাসমাবেশ করবে বলে জানান তরিকুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১৫০২ ঘ.
bdnews24