চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় মিছিল করেছে।
মিছিলে সংগঠনটির কর্মীরা শেখ হাসিনার সরকারকে অপসারণ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চেরাগীর পাহাড় থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ২৫ থেকে ৩০ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল করে প্রায় ২০০ গজ দূরে জামালখান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে।
প্রেসক্লাবের গ্রিলে ৪/৫টি ব্যানার টানিয়ে পাঁচটি সিএনজি অটো রিকশা নিয়ে তারা দ্রুত সটকে পড়ে বলে ওই এলাকার বেশ কয়েকজন দোকানি জানান।
মূল ব্যানারে লেখা ছিলো- 'চট্টগ্রামে মার্কিনিদের সামরিক মহড়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল'।
অন্যান্য ব্যানারে লেখা ছিলো- 'হে মুসলিম সেনাবাহিনী! সাম্রাজ্যবাদীদের তাঁবেদার শেখ হাসিনা ও তার সরকারকে অপসারণ করুন এবং খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে হিযবুত তাহরীর নুসরাহ (সহায়তা) প্রদান করুন।'
আরেকটি ছিল 'হে মুসলিম সেনাবাহিনী, গণহত্যাকারী মার্কিনিদের এবং দখলদার ভারতকে বাংলাদেশের মাটিতে ঘাঁটি করতে দেওয়া হবে না'।
ব্যানারে হিযবুত তাহরীর সংগঠনের নাম লিখেছে- 'হিযবুত তাহরীর উলাই'য়াহ বাংলাদেশ'।
তবে হিযবুত তাহরিরের ব্যানার টানানোর কথা স্বীকার করলেও মিছিলের কথা স্বীকার করতে রাজি হননি কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন মাহমুদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা কোনো মিছিল করতে পারেনি। ৫/৬টি সিএনজি ট্যাক্সি করে প্রেসক্লাবে এসে ব্যানার লাগিয়ে তারা চলে যায়।"
অনেকে মিছিল করতে দেখেছে- ওসিকে এ কথা বলা হলে তিনি বলেন, "খুব দ্রুতই তারা ঘটনাস্থল ত্যাগ করায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।"
প্রেসক্লাবে সাঁটানো ব্যানারগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মহিউদ্দিন।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গত বছরের মাঝামাঝিতে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৫৪০ ঘ.
bdnews24