২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলা

বাউফল উপজেলায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2010, 05:50 PM

Updated : 24 Aug 2022, 08:22 PM

পটুয়াখালী, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাউফল উপজেলায় ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। এরপর হামলাকারীরা বাউফল উপজেলা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে হামলা চালায় বলে স্থানীয় সাংবাদিকরা জানান। আহত ছাত্রদল নেতাকর্মীরা আবারো হামলার ভয়ে হাসপাতালে না গিয়ে নিজেদের মতো চিকিৎসা নিয়েছেন। বিএনপি সমর্থক সংগঠনটির কার্যালয়ে কয়েকশ' নেতাকর্মী অবরুদ্ধ হয়ে পড়ে। নিরাপত্তার কারণে পুলিশ তাদের রাতে সেখানে অবস্থানের পরামর্শ দিয়েছে। বাউফল উপজেলা বিএনপি'র সভাপতি ফারুক হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা ছাত্রদল কার্যালয়ে সমাবেশ শেষে সন্ধ্যায় সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের চয়েজ চত্বর অতিক্রমকালে ছাত্রলীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা ইটপাটকেলও নিক্ষেপ করে। উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বশির আহমেদ জানান, নিজাম উদ্দিন, সোহাগ, খলিল, জসিম, পশাল, রনি মোল্লা, কুদ্দুস, জাকির হোসেন, মাসুদুর রহমান, জসিম উদ্দিন, জামাল মোল্লাসহ ছাত্রদল ও বিএনপি'র অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। বাউফল উপজেলা রিপোর্টাস ইউনিটি আহবায়ক ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু ও দৈনিক মানব জমিন প্রতিনিধি ইমরান হোসেন সোহেল জানান, হামলার সময় স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে হামলাকারীরা রিপোর্টার্স ইউনিটি অফিসে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখে। প্রায় দেড়ঘণ্টা পর বাউফল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকের নেতৃত্বে থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে। বাউফল থানার ওসি শিলোমনি চাকমা জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার কারণে ছাত্রদল কার্যালয়ে অবস্থানকারী নেতাকর্মীরা রাতে সেখানে থাকতে বলা হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। উপজেলা জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা হামলা করেনি। ছাত্রদলের কর্মীরাই তাদের ওপর হামলা করলে তারা এলাকাবাসীদের নিয়ে প্রতিরোধ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২৩৪৮ ঘ.