২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আনুষ্ঠানিক ক্ষমায় দুদেশকে আলোচনায় বসতে হবে'

একাত্তরে মুক্তিযুদ্ধের সময়কার 'কর্মকাণ্ডের' জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি দু'দেশকে আলোচনায় বসে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 08:17 PM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মুক্তিযুদ্ধের সময়কার 'কর্মকাণ্ডের' জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়টি দু'দেশকে আলোচনায় বসে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার। বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের একথা বলেন হাইকমিশনার আশরাফ কোরেশী। সচিবালয়ে তারা প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন। পরে তারা দু'জনই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, "একাত্তরের মুক্তিযুদ্ধে হত্যা, লুণ্ঠন ও ধর্ষণসহ মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া উচিৎ।" এ বিষয়ে কোরেশী বলেন, "পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয় একটি অফিসিয়াল বিষয়। এটি নিয়ে দু'রাষ্ট্রের মধ্যে আলোচনায় বসে সিদ্ধান্ত প্রয়োজন।" ১৯৭৪ সালের ৯ এপ্রিলের ত্রিপক্ষীয় (বাংলাদেশ-ভারত-পাকিস্তান) সম্পর্ক সহজীকরণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার কথা। তবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। "পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে '৭১-এর ঘটনার মীমাংসা হওয়া প্রয়োজন," জানিয়ে ফারুক খান বলেন, "এছাড়া দু'দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য অন্য ক্ষেত্রে সম্পর্কের উন্নতি ঘটবে না। সম্পর্ক উন্নয়নে দু'পক্ষেরই সন্তুষ্টির বিষয় থাকতে হয়।" বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার প্রসঙ্গে পাক হাইকমিশনার বলেন, "এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের ভূমিকা স্পষ্ট থাকবে।" বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দু'দেশের রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে কোন আনুষ্ঠানিক সফর হয়নি। আস্থার অভাব এ সফর না হওয়ার কারণ কি না জানতে চাইলে হাইকমিশনার বলেন, "আমার মূল উদ্দেশ্য থাকবে দু'দেশের সম্পর্ক আরো উন্নত করা। এজন্য আমি কাজ করে যাবো।" ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌ-যোগাযোগ চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেনন, "বাংলাদেশে পাকিস্তানের দুটি ব্যাংক কার্যক্রম চালালেও এদেশের কোন ব্যাংক ওখানে নেই। সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে।" ফারুক খান জানান, দু'দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে পাকিস্তান ওষুধ, সিরামিক ও জাহাজ নিতে পারে বলে কোরেশীকে জানান ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০৪ ঘ.