ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহাম্মেদ, সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ এবং সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদসহ সাতজনের বিরুদ্ধে শেখ হাসিনাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বিএনপি সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
বুধবার সকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা এই মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট জনকে সাক্ষী করা হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশেষ কারাগারে বন্দি থাকা অবস্থায় শেখ হাসিনার খাদ্যে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো বলে প্রথম অভিযোগ করেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।
দুই সপ্তাহ আগে সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কারাগারে বন্দি থাকাকালে তাকে খাদ্য বিষ মেশানোর অভিযোগ করে বলেন,"আমাকে স্লো পয়েজনিং করা হয়েছিল।"
সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে মামলাটি দায়ের করেন ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। দুপুরে মহানগর হাকিম এ কে এম এমদাদুল হকের আদালতে শুনানি হয়।
অন্য বিবাদীরা হচ্ছেন- লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, মেজর জেনারেল এ টি এম আমিন, ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল হক বারী ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান।
আর্জিতে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, "শেখ হাসিনা আমার সংসদ নেতা। তাকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে। এজন্য আমি ক্ষুব্ধ হয়ে মামলাটি করেছি।"
আদালতে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, তথাকথিত তত্ত্ববধায়ক সরকার দুই বছর দেশকে রাজনীতিশূন্য করার চেষ্টা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিলো।
তিনি বলেন, গত ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছিলেন যে কারাগারে অন্ত্যরীণ থাকাকালে তাকে স্লো পয়জনিং করে হত্যার চেষ্টা করে হয়েছিলো। প্রধানমন্ত্রীর ওই বক্তব্য বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত এবং প্রকাশিত হয়েছে।
বিএনপি সাংসদ বলেন, "আমি আশা করেছিলাম আওয়ামী লীগের পক্ষ থেকে অথবা সরকারের পক্ষ থেকে এই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হবে। কিন্তু তা করা হয়নি।
"শেখ হাসিনা আওয়ামী লীগের প্রধান হলেও সংসদে তিনিই আমার নেতা। একজন সচেতন নাগরিক হিসেবে তাই আমি এই মামলা করতে বাধ্য হয়েছি। আমি সব অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার প্রার্থনা জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/কিউএইচ/জিএনএ/১৩৪০ ঘ.
bdnews24