২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন

ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে হাফিজউদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2010, 06:21 PM

Updated : 24 Aug 2022, 07:43 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৩ আসনের উপ-নির্বাচনে হাফিজউদ্দিন আহমেদকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দলের পার্লামেন্টারি বোর্ড আমাদের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ উদ্দিন আহমেদকে ভোলা-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।" তিনি জানান, রাত সাড়ে ৯টায় গুলশানের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের পার্লামেন্টারি বোর্ড এক বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত করে। দলের স্থায়ী কমিটির সদস্যরা এই বোর্ডের সদস্য। বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলামসহ স্থায়ী কমিটির ১৪ সদস্য উপস্থিত ছিলেন। সেইসঙ্গে হাফিজউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। আগামী ২৪ এপ্রিল ভোলা-৩ আসনে ভোট গ্রহণের দিন নির্ধারণ করে গত বৃহস্পতিবার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। চাকরি থেকে অবসর নেওয়ার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়া যায় না। সরকারদলীয় সংসদ সদস্য মো. জসিমউদ্দিন সে নিয়ম লঙ্ঘন করায় ওই আসনে তার প্রার্থিতা বাতিল করে আদালত। এর পর ভোলা-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জসিমউদ্দিন বিএনপির প্রার্থী আরেক সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদকে ১৩ হাজার ভোটে হারিয়ে নবম সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০১৮ ঘ.