ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশের বৈধতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা রিট প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে হাইকোর্ট।
খালেদা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ এবং আদালতের প্রতি অনাস্থা প্রকাশ করায় রিটটি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নির্ধারণ করতে এটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়।
বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এটিএম ফজলে কবিরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
আদালত আদেশে বলেছে, "সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী খালেদার জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, 'আবেদনকারীর এই আদালতের প্রতি কোনো আস্থা নেই।' এ ধরনের বক্তব্য নজিরবিহীন। এ অবস্থায় বিষয়টিতে প্রয়োজনীয় আদেশের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হলো।"
গত বছরের ২৪ মে খালেদা জিয়ার সেনানিবাসের মঈনুল রোডের বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেয় সরকার। এর বৈধতা নিয়ে খালেদার করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ওই নোটিশের কার্যকরিতা স্থগিত করে।
একইসঙ্গে নোটিশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে আদালত রুলনিশি জারি করে।
আদালত রিট আবেদনটির ১ মার্চ চূড়ান্ত শুনানির তারিখ হিসেবে নির্ধারণ করে গত ১৫ ফেব্র"য়ারি। এরপর পাঁচ দফায় রিট আবেদনটির শুনানি মুলতবি করে হাইকোর্ট।
বৃহস্পতিবার ব্যারিস্টার মাহবুব উদ্দিন চার সপ্তাহের জন্য শুনানি মুলতবির আবেদন জানান। এতে আদালত বলে, গত ১৫ মার্চ শেষবারের মতো শুনানি মুলতবি করা হয়েছিলো। আর মুলতবি করা হবে না।
এরপর ব্যারিস্টার মাহবুব উদ্দিন বলেন, "এই আদালতে আবেদনকারী ন্যায় বিচার পাবে না বলে আশঙ্কা করছে এবং এই আদালতের প্রতি তার আস্থা নেই।"
এতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, "আবেদনকারীর পক্ষে এ ধরনের বক্তব্য অসৎ উদ্দেশ্যমূলক। রিট আবেদনটির শুনানি ব্যাহত ও বিলম্বিত করার জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে।"
আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশের পরে আলম সাংবাদিকদের বলেন, "সামরিক বাহিনীর ১৬৫ কাঠা সম্পত্তি ক্ষমতার অপব্যবহার করে খালেদা জিয়াকে দেওয়া হয়েছে। কোনো কারণ উল্লেখ না করেই আবেদনকারীর পক্ষ শুনানি মুলতবির আবেদন জানিয়েছে এবং বলেছে তারা ন্যায় বিচার পাবে না। এ ধরনের প্রার্থনা নজিরবিহীন ও অসদ উদ্দেশ্যমূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/পিডি/১৭৫৬ ঘ.
bdnews24