২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ঘোষক জিয়া' বলা না বলা: মুখ খুললেন দেলোয়ার

হুমকি দিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বলা থেকে জনগণকে সরকার বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 12:00 PM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমকি দিয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম বলা থেকে জনগণকে সরকার বিরত রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক বলবে তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে ১৩ মার্চ সতর্ক করেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। খোন্দকার দেলোয়ার মঙ্গলবার বলেন, ''মামলা মোকাদ্দমা কিংবা আদালতের রায় দিয়ে স্বাধীনতার ঘোষক জিয়ার নাম বলা থেকে জনগণকে বিরত রাখা যাবে না। এই নাম বললে সরকার শাস্তি দেবেন বলে হুমকি দিচ্ছে। তা হলে স্বাধীনতার ঘোষক কে ছিলেন? ২৬-২৭ মার্চ জিয়াই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তা সব মানুষই জানেন। শেখ মুজিব তো ২৫ মার্চ রাতেই পাকিস্তানীদের হাতে গ্রেপ্তার হয়ে গেছেন।'' গত বছর হাইকোর্টের এক রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তি সময়ে সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রাখে। আইন প্রতিমন্ত্রী ১৩ মার্চ রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালায় সাংবাদিকদের বলেন, "সরকার এতদিন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে এভাবে চলতে থাকলে সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। কেননা সুপ্রিম কোর্টের রায় মানতে সবাই বাধ্য।" প্রতিমন্ত্রী সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত না করলেও স্পষ্টতই বিরোধী দলের নেতাদের দিকে ইঙ্গিত করেন। কারণ বিএনপি নেতারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার 'ঘোষক' বলে অভিহিত করে থাকে; যদিও এ বিষয়ে আদালতের রায়ও তাদের পক্ষে নয়। দেলোয়ার সরকারের জনপ্রিয়তা যাচাইয়ে 'টেস্ট কেস' হিসেবে কয়েকটি এলাকায় নির্বাচন করারও দাবি জানান মঙ্গলবার। এক মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ৯ মার্চ দেলোয়ার দেশে ফেরার পর মঙ্গলবারই প্রথম দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। আর্ন্তজাতিক বিমানবন্দর ও উদ্যান থেকে জিয়ার নাম মুছে ফেলার সমালোচনা করেন তিনি। প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের কথিত অবৈধ ভিওআইপি ব্যবসা বিষয়ে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সরকারি দলের মামলা ও হয়রানিরও কঠোর সমালোচনা করেন দেলোয়ার। তিনি সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের নির্বাচনী এলাকায় বাড়িতে সন্ত্রাসী হামলারও নিন্দা জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৫৩ ঘ.