২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে কলেজে ভাংচুর, ছাত্রলীগ ও মৈত্রী কর্মী গ্রেপ্তার

স্নাতক (সম্মান) শ্রেণিতে নিজেদের পছন্দে ভর্তি কার্যক্রম চালাতে না পেরে শনিবার রাজশাহীর একটি কলেজে ছাত্রলীগ ভাংচুর চালায় বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2010, 11:43 AM

Updated : 24 Aug 2022, 07:30 PM

রাজশাহী, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্নাতক (সম্মান) শ্রেণিতে নিজেদের পছন্দে ভর্তি কার্যক্রম চালাতে না পেরে শনিবার রাজশাহীর একটি কলেজে ছাত্রলীগ ভাংচুর চালায় বলে জানিয়েছে পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগকর্মীদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। পুলিশ কলেজ ক্যাম্পাস থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। রাজপাড়া এলাকার রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। এর পর পুলিশ পাহারায় ভর্তি কার্যক্রম শুরু হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগ কর্মী মামুন, অনীক এবং তাদের মিত্র সংগঠন ছাত্রমৈত্রীর কর্মী কামরুজ্জামান নয়ন। রাজপাড়া থানার ওসি আনিসুর রহমান দুপুরে সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের কিছু কর্মী ভর্তি কার্যক্রমে বাধা দিতে গেলে কলেজ প্রশাসনের আহ্বানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ওই সময় তারা পুলিশের ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কলেজের শিক্ষার্থীরা জানায়, ভর্তির ক্ষেত্রে ছাত্রলীগ তাদের জন্য একটি কোটা রাখতে বলে আসছিলো, নির্দিষ্ট ওই আসনে ভর্তি প্রক্রিয়া ছাত্রলীগই নিয়ন্ত্রণ করবে; যা বিধিসম্মত নয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাতে সাড়া না দেওয়ায় ছাত্রলীগ ভাংচুর চালায়। কলেজের শিক্ষার্থী জেমস ও তৌফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি কার্যক্রম শুরুর কিছু সময়ের মধ্যে সকাল ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজ ভবনের ১১৪ ও ১১৫ নম্বর শ্রেণিকক্ষ এবং দ্বিতীয় তলায় ভর্তিচ্ছুদের সাক্ষাতকার গ্রহণ কক্ষে ভাংচুর শুরু করে। ছাত্রলীগকর্মীরা ভর্তিচ্ছুদেরও কলেজ থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ গেলে ছাত্রলীগ নেতা-কর্মীরা কলেজের ফটকের সামনের রাস্তায় সিঅ্যান্ডবি মোড়ে অবরোধ করে। ওই স্থানে দুটি গাড়ি ও একটি রিকশাও ভাংচুর করে তারা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট ছোড়াছুড়ি শুরু হলে পুলিশসহ ১০ জন আহত হয়। সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগকর্মীরা সাংবাদিকদেরও ধাওয়া করে। কলেজের অধ্যক্ষ ফরিদা সুলতানা সাংবাদিকদের বলেন, ভর্তি কার্যক্রম শুরুর কিছুক্ষণ পরই উচ্ছৃঙ্খল একদল ছাত্র তাতে বাধা দেয়। তারা ভাংচুর করলে পুলিশ ডাকা হয়। পুলিশের সহায়তায় পরে ভর্তি কার্যক্রম চলে বলে অধ্যক্ষ জানান। প্রত্যক্ষদর্শীরা আহতের সংখ্যা কমপক্ষে ১০ বললেও তাদের পরিচয় পাওয়া যায়নি। ওসি বলেন, ইটের আঘাতে এক কনস্টেবল আহত হয়েছেন। অন্যদিকে কলেজের ছাত্রলীগকর্মী মোহাম্মদ সুমন দাবি করেন, আহতদের মধ্যে অনিক, পাভেল, আব্দুল বাকী, তৌকির, জনিসহ ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী রয়েছেন। ওসি আনিসুর বলেন, সংঘর্ষস্থল থেকে তিন ছাত্রকে আটক করে থানায় আনা হয়েছে। ছাত্রলীগ নেতারা তাদের সংগঠনের কর্মীদের মুক্তি দাবি করেছে। একই দাবি করেছে ছাত্র মৈত্রীও। ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর সভাপতি মতিউর রহমান সাংবাদিকদের বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই তাদের সংগঠনের কর্মী নয়নকে গ্রেপ্তার করে। ভাংচুরের জন্য ছাত্রলীগকর্মীদেরই দায়ী করেন তিনি। এর আগে বৃহস্পতিবারও ভাংচুর চালিয়ে ভর্তি কার্যক্রম ছাত্রলীগ বন্ধ করে দেয় বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৩৫ ঘ.