ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানকে যারা স্বাধীনতার ঘোষক বলবে, তাদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
প্রতিমন্ত্রী সুনির্দিষ্টভাবে কাউকে অভিযুক্ত না করলেও স্পষ্টতই বিরোধী দলের নেতাদের দিকে ইঙ্গিত করেছেন। কারণ বিএনপি নেতারা তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার 'ঘোষক' বলে অভিহিত করে থাকে; যদিও এ বিষয়ে আদালতের রায়ও তাদের পক্ষে নয়।
গত বছরে হাইকোর্টের এক রায়ে বলা হয়, জিয়াউর রহমান নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। পরবর্তিতে সুপ্রিম কোর্টও ওই রায় বহাল রাখে।
আইন প্রতিমন্ত্রী শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক কর্মশালায় সাংবাদিকদের বলেন, "সরকার এতদিন এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। তবে এভাবে চলতে থাকলে সংবিধান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। কেননা সুপ্রিম কোর্টের রায় মানতে সবাই বাধ্য।"
আইন মন্ত্রণালয়ের লেজিলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের পরই সাংবাদিকদের সঙ্গে কামরুলের কথা হয়।
পঞ্চম সংশোধনী বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কি না- এ প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, "পঞ্চম সংশোধনী প্রশ্নে সুপ্রিম কোর্টের রায়ের পর '৭২-এর সংবিধানে ফিরে যেতে কোনো বাধা নেই। সেটা বাস্তবায়ন হলে এ দেশে ধর্মভিত্তিক দলের রাজনীতি করার কোনো সুযোগ নেই।
"তবে সরকার এ বিষয়ে চূড়ান্ত রায় হাতে পাওয়ার পর পদক্ষেপ নেবে", বলেন তিনি।
১৯৭২ এ প্রণীত সংবিধানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিলো, পরে সংবিধান সংশোধনের ফলে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৩০৫ ঘ.
bdnews24