২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ভিওআইপি 'সংশ্লিষ্টতা' তদন্তের দাবি জয়নালের

প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ আবার তুলে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সরকার এ বিষয়টি তদন্ত করলে বিএনপি তথ্য দিয়ে সহায়তা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2010, 10:08 AM

Updated : 24 Aug 2022, 07:29 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর ছেলে সজীব আহমেদ ওয়াজেদের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার অভিযোগ আবার তুলে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, সরকার এ বিষয়টি তদন্ত করলে বিএনপি তথ্য দিয়ে সহায়তা করবে। এ নিয়ে সংসদে কথা বলতে তাকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন ফারুক। বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলের প্রধান হুইপ বলেন, "প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত।" এ বক্তব্যের পরপরই ডেপুটি স্পিকার তার মাইক বন্ধ করে দেন। এ বিষয়ে শুক্রবার নিজের গুলশানের বাড়িতে সংবাদ ব্রিফিংয়ে ফারুক বলেন, "সজীব ওয়াজেদ জয় কানাডা ও আমেরিকায় বসে অবৈধ ভিওআইপি ব্যবসা নিয়ন্ত্রণ করছেন। এ অবৈধ ব্যবসা শুরু হয় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। সংসদে এ বিষয়ে কথা বলতে গেলে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়।" এ অভিযোগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, "সরকার চাইলে আমরা সব ধরনের তথ্য-উপাত্ত দিয়ে তাদের সহযোগিতা করতে পারি।" "স্পেক্ট্রা সলিউশন নামে একটি কোম্পানির মাধ্যমে এ ব্যবসা শুরু করে বর্তমান প্রধানমন্ত্রীর (হাসিনা) আত্মীয়", বলেন তিনি। বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, অবৈধ ভিওআইপি ব্যবসার ফলে সরকার বছরে ১৫শ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এ সব অর্থ বিদেশে চলে যাচ্ছে। অবৈধ ভিওআইপি ব্যবসার খবরাখবর গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সবের তদন্ত হওয়া জরুরি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফারুকের সঙ্গে ছিলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কয়েকজন সংসদ সদস্য। শহীদ উদ্দিন বলেন, "জয়ের বিরুদ্ধে কেবল অবৈধ ভিওআইপি ব্যবসাই নয়, মার্কিন কোম্পানি শেভরনকে বিনা দরপত্রে কাজ পাইয়ে দিয়ে মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের অভিযোগও রয়েছে। এর সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টাও জড়িত রয়েছেন, যা ইতিমধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫৫৫ ঘ.