২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে সাংস্কৃতিক জোটের অভিযাত্রা

যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গড়তে দেশব্যাপী সাংস্কৃতিক অভিযাত্রা শুরুর ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2010, 03:15 PM

Updated : 24 Aug 2022, 07:27 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গড়তে দেশব্যাপী সাংস্কৃতিক অভিযাত্রা শুরুর ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, আগামী ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এ অভিযাত্রা শুরু হবে। চট্টগ্রাম অভিমুখী দুইদিনের প্রথম অভিযাত্রী দলটি জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে ঢাকা ছাড়বে। পথে সোনারগাঁও, গৌরিপুর, চান্দিনা, কুমিল্লা, সুয়াগাজী, চৌদ্দগ্রাম, ফেনী, মিরেরসরাই ও চট্টগ্রামের লালদিঘির মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করবে। এরপর ঢাকা থেকে ১৯ মার্চ দ্বিতীয় অভিযাত্রা শুরু হবে। নীলফামারী অভিমুখী এ দলটি পথে গাজীপুর, সিরাজগঞ্জ, বগুড়া, পলাশবাড়ী, সৈয়দপুর ও নীলফামারীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ করবে। এরপর ক্রমান্বয়ে বৃহত্তর সিলেট, বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর রাজশাহী, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর খুলনা ও বৃহত্তর বরিশাল অভিমুখে সাংস্কৃতিক অভিযাত্রা হবে। ইতিমধ্যে সব গন্তব্যে স্থানীয় সাংস্কৃতিককর্মী, ১৪ দল, সিপিবিসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। ৮টি প্রধান গন্তব্য ছাড়াও ছোট ছোট অভিযাত্রী দল দেশের প্রধান প্রধান শহর থেকে বাকি জেলাগুলোতে যাবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সানজিদা খাতুন, রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, আসাদুজ্জামান নুর, ফকির আলমগীর, মফিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২১১৫ঘ.