২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে আরেকটি মামলা

মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম মুহম্মদ ইউসুফসহ ১৭ জনের বিরুদ্ধে বাগেরহাটের একটি আদালতে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2010, 04:08 PM

Updated : 24 Aug 2022, 07:24 PM

বাগেরহাট ,মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা আবুল কালাম মুহম্মদ ইউসুফসহ ১৭ জনের বিরুদ্ধে বাগেরহাটের একটি আদালতে মামলা হয়েছে। এ নিয়ে একাত্তরে মুক্তিযোদ্ধা হত্যা, লুটপাট, ঘরবাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে জামায়াত নেতা ইউসুফের বিরুদ্ধে বাগেরহাটে ছয়টি মামলা হলো। বুধবার দুপুরে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের মো. আবুল কালাম খান জেলার জ্যেষ্ঠ হাকিম আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শরণখোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছে। মামলার অপর আসামিরা হলেন- শরণখোলা উপজেলার মো. মতিয়ার রহমান মতি, আব্দুল হক আকন, আবুল হাজের খাঁ, লুৎফর রহমান, আব্দুল লতিফ পঞ্চায়েত, আব্দুর রব হাওলাদার, ইসমাঈল খাঁ, মো: নজির মৃধা, আব্দুল কাদের চৌকিদার, মোসলেম আকন, জয়নাল আবেদিন মৌলভী, হাফেজ আমির আলী, দেলোয়ার হোসেন, আব্দুস সাত্তার খাঁ, মো: আতাহার হাওলাদার ও নূর উদ্দিন মৃধা। বাদি অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা খান আব্দুস সালাম ১৯৭১ সালের ২৯ জুলাই দুপুরে শরণখোলা থানার সামনে দিয়ে রায়েন্দা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় থানা ভবনে অবস্থানকারী হানাদার পাকিস্তানি সেনাবাহিনীর দোসররা তাকে আটক করে। এরপর তাকে বলেশ্বর নদীর চরে নিয়ে কুপিয়ে এবং মাথায় গুলি করে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়। শরণখোলা থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদেশের কাগজপত্র থানায় পৌঁছালে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৫৮ ঘ.