খাগড়াছড়ি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি-বাঙালি রক্তক্ষয়ী সংঘাতের ১০ দিন পর শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটির বাঘাইছড়ি সফরে গেছে সংসদীয় একটি প্রতিনিধি দল।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শাহ আলম দলের নেতৃত্ব দি"েচ্ছন। প্রতিনিধি দলে রয়েছেন এবিএম ফজলে করিম, যতীন্দ্রলাল ত্রিপুরা, ইয়াজউদ্দিন আহমেদ ও এথিন রাখাই।
তারা সকাল ১০টায় খাগড়াছড়ি ডাক বাংলোয় রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসকসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরে সংসদীয় প্রতিনিধি দল যায় রাঙামাটির বাঘাইছড়ির গঙ্গারামমুখে, যেখানে গত মাসে পাহাড়িদের ঘর পুড়িয়ে দেওয়া হয়।
সংসদীয় দল প্রথমে পাহাড়িদের সঙ্গে কথা বলে; তারা ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা বাড়াতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এরপর তারা বাঘাইহাট বাজারে গিয়ে বাঙালিদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন।
সংসদীয় প্রতিনিধি দল পাহাড়ি-বাঙালি উভয় জনগোষ্ঠীকেই বলেছে, সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বাঘাইছড়ি থেকে দুপুরের পর তারা পুনরায় খাগড়াছড়িতে ফেরেন।
ভূমি বিরোধকে কেন্দ্র করে গত মাসে বাঘাইছড়িতে পাহাড়ি-বাঙালি সশস্ত্র সংঘাত হয়। ওই সময় পুড়িয়ে দেওয়া হয় শতাধিক ঘর, যার অধিকাংশই পাহাড়িদের। নিহত হন অন্তত তিনজন পাহাড়ি। এর জের ধরে খাগড়াছড়িতে গত ২৩ ফেব্র"য়ারি সংঘাতে নিহত হয় এক বাঙালি।
পাহাড়িদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ওই ঘটনার সংসদীয় তদন্ত দাবি করে আসছে। সন্তু লারমা নেতৃত্বাধীন দলটি পাহাড়ি হত্যার জন্য সেখানে মোতায়েন সেনা সদস্যদের দায়ী করেছে।
সংঘাতের পর বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেসামরিক প্রশাসন এবং সেখানে মোতায়েন সামরিক কর্মকর্তার দায়িত্বও পরিবর্তন করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৫ ঘ.
bdnews24