ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের প্রস্তুতি নিতে এ মাস থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত সারাদেশে গণসংযোগ করবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
জনগণের সঙ্গে কথা বলেই বিএনপি আন্দোলনে নামবে বলে জানান গয়েশ্বর।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "সারাদেশের মানুষ আজ সরকারের ওপর হতাশ ও বিক্ষুব্ধ। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলাসহ মানুষের জীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে।"
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য গয়েশ্বর বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা ও আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে কেন্দ্রীয় নেতাদের সফর শুরু হচ্ছে এ মাস থেকেই। ১৭ এপ্রিল পর্যন্ত গণসংযোগ চলবে।
এ সময়ের মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ৬টি বিভাগীয় সদরে জনসভা করবেন বলে জানান তিনি।
গয়েশ্বর বলেন, গণসংযোগ সফরের জন্য কেন্দ্র থেকে ১৯টি টিম গঠন করা হচ্ছে। এসব টিমের নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সহসভাপতি পর্যায়ের নেতারা।
আন্দোলনের বিষয়ে তিনি বলেন, "আন্দোলন হয় জনগণের আকাক্সক্ষায়। যখন জনগণ চাইবে, তখনই বিএনপি আন্দোলনে নামবে। দেশের স্বার্থ বিরোধী বিষয়গুলো নিয়ে আমরা জনমত গড়ে তুলতে চাই। তাদের কথা শুনতে চাই।"
সফরে কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলায় সভা-সমাবেশ ও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবে বলে গয়েশ্বর জানান।
দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলে নেতৃত্ব পর্যায়ে আসতে প্রতিযোগিতা আছে, তবে কোনো কোন্দল নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৫১৫ ঘ.
bdnews24