নোয়াখালী, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
তিনি বলেন, "অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ও তা করেছিল।"
শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মওদুদ এ অভিযোগ করেন।
আওয়ামী লীগ গণতান্ত্রিক দল নয়- দাবি করে তিনি বলেন, "তারা একদলীয় শাসনে বিশ্বাসী। তারা জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করতে নানা ষড়যন্ত্রে নেমেছে। যার অংশ হিসেবে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিতেও তাদের বাঁধছে না।"
মওদুদ অভিযোগ করেন, দেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।"
কোনো ষড়যন্ত্রই জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে পারবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
মওদুদ মনে করেন, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র রক্ষা ও সত্যিকারের উন্নয়নে বড় দুই দলের ন্যূনতম ঐক্যের বিকল্প নেই। আর এই ক্ষেত্রে ক্ষমতাসীন দলকেই এগিয়ে আসতে হবে।
নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করেন দলের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জেলা শাখার আহবায়ক মো. শাজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন- দলের যুগ্ম মহাসচিব সংসদ সদস্য মাহবুব উদ্দিন, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার প্রমুখ।
জয়নাল আবদিন মনে করেন, পার্বত্যাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের পর থেকে সেখানে অস্থিতিশীলতা বিরাজ করছে। গত কয়েক দিনের ঘটনায়ই প্রমাণিত হয় সরকার ওই অঞ্চলকে অন্য কোনো দেশ বানাতে চায়।
সম্মেলনে মো. শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। রাতে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24