২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে সজিবকে স্বাগত জানালো বিএনপি

রাজনীতিতে প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2010, 07:06 AM

Updated : 24 Aug 2022, 07:06 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিতে প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে বিএনপি নেতারা একই সঙ্গে বলেছেন, সজিবের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার জবাব তাকে দিতে হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী সজিবকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সদস্যপদ দেওয়া হয়। তিনি সদস্য হয়েছেন রংপুরে তার পৈত্রিক এলাকায়। এর প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার সাংবাদিকদের বলেন, "সজীব ওয়াজেদ আওয়ামী লীগের সদস্যপদ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ায় আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করবো, একজন আধুনিক মানুষ হিসেবে তিনি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাবেন।" বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আওয়ামী লীগের হাল ধরেন। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসনের ছেলে তারেক রহমানও দলে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন। তবে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তারেকের ক্ষমতা চর্চা নিয়ে বহু অভিযোগ রয়েছে। সরকারি কোনো দায়িত্বে না থেকেও অনেক সরকারি কাজও তাকে উদ্বোধন করতে দেখা যায়। নজরুল বলেন, "রাজনীতিতে জয়ের যোগদান আমরা স্বাগত জানাই। যদিও আমাদের নেতা তারেক রহমান যখন দলের সদস্যপদ গ্রহণ করে রাজনীতিতে যোগ দিয়েছিলেন, তখন আওয়ামী লীগ থেকে স্বাগত জানানো হয়নি।" জোট সরকারের সময় সজিব সস্ত্রীক দেশে এলে তারেকের পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ ফুলও পাঠানো হয় সজিবের কাছে। বিরোধী দলের ওপর সরকার দমন-পীড়ন চালাচ্ছে অভিযোগ করে নজরুল বলেন, "আওয়ামী লীগ প্রতিপক্ষের ওপর দমন-পীড়নের যে সংস্কৃতি চালু রেখেছে, একজন আধুনিক মানুষ হিসেবে জয় সে সংস্কৃতির পরিবর্তন ঘটাবেন বলে আমরা আশা করি। আমাদের চাওয়া, তিনি তার দলের ভেতরে ইতিবাচক রাজনীতির সূচনা করবেন।" "দলের সদস্যপদ গ্রহণ করায় তিনি (সজিব) এখন একজন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত হবেন। অবশ্য প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে আগে থেকেই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তিনি। দেশে এলে বিমানবন্দরে অনেক নেতারাই তাকে স্বাগত জানাতে উপস্থিত থাকতেন", বলেন বিএনপি নেতা নজরুল। সজিবের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগের তদন্ত চেয়েছে বিএনপি- সে বিষয়ে জানতে চাওয়া হলে নজরুল ইসলাম বলেন, "আমরা তাকে দুর্নীতিবাজ বলছি না। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এসব অভিযোগের জবাব তাকেই দিতে হবে।" এক পরিবারের সদস্যদের ধারাবাহিকভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার নজির উপমহাদেশে অনেক রয়েছে। ভারতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মৃত্যুর পর তার মেয়ে ইন্দিরা গান্ধী রাজনীতিতে আসেন। ইন্দিরার হাত ধরে আসেন তার ছেলে রাজীব গান্ধী। রাজীবের মৃত্যুর পর তার স্ত্রী সোনিয়া গান্ধী কংগ্রসের হাল ধরলেও প্রধানমন্ত্রী হননি। তবে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা রাজীবতণয় রাহুল গান্ধীকে ভারতের ভবিষ্যত প্রধানমন্ত্রী মনে করা হচ্ছে। একই অবস্থা পাকিস্তানেও। জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুর পর তার মেয়ে বেনজির ভুট্টো পাকিস্তান পিপলস পার্টির হাল ধরেন। বেনজিরের মৃত্যুর পর তার ছেলে বিলওয়ালকে দলের চেয়ারম্যান করা হয়েছে। আর প্রেসিডেন্ট হয়েছেন বেনজিরের স্বামী আসিফ আলি খান জারদারি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০০ ঘ.