ঢাকা ফেব্রুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বেগম বদরুন্নেসা মহিলা সরকারী কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে বৃহস্পতিবার চারজন আহত হয়েছে।
আহতরা হলেন, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেহেনা আক্তার আশা, শামিমা আক্তার শিখা, আইরীন নাহজার ও সোনিয়া আক্তার।
রেহেনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের ছাত্রী।
শামিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলেজ ছাত্রলীগের বর্তমান সভাপতি নাসরীন সুলতানা ঝরা ছাত্রী না হয়েও সভাপতির পদ দখল করে রেখেছে।"
আশা এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ঝরা তার সঙ্গীদের নিয়ে ছাত্রীনিবাসের ৪০১ নং কক্ষে হামলা চালান বলে জানান শিখা।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোন অভিযোগ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৭৩০ ঘ.
bdnews24