২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি কোনো দলের নই: স্পিকার

নিজেকে নিরপেক্ষ দাবি করে স্পিকার আবদুল হামিদ বলেছেন, তিনি এখন আর কোনো দলের নন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2010, 12:42 PM

Updated : 24 Aug 2022, 06:49 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেকে নিরপেক্ষ দাবি করে স্পিকার আবদুল হামিদ বলেছেন, তিনি এখন আর কোনো দলের নন। সোমবার দুপুরে সংসদ ভবনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রধান বিরোধী দল বিএনপির অভিযোগ, স্পিকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছেন না। হামিদ বলেন, "আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে সংসদ পরিচালনা করার চেষ্টা করি। দলের পক্ষে নির্বাচিত হলেও স্পিকারের দায়িত্ব নেওয়ার পর আমি দলের কোনো অনুষ্ঠান কিংবা অঙ্গসংগঠনের কোনো অনুষ্ঠানেও যাই না।" তিনি জানান, স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। "ফলে দল থেকে এমনিতেই আমার পদত্যাগ হয়ে গেছে", বলেন হামিদ। ১৯৭২ সালে প্রণীত 'গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান' পুনর্মুদ্রণ করেছে আগামী প্রকাশনী। সংসদের মিডিয়া সেন্টারে করেছে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্পিকারও যোগ দেন। সরকার ও বিরোধী দলকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে হামিদ বলেন, "সরকার ও বিরোধী দলকে সহিষ্ণু হতে হবে। যুদ্ধাংদেহী মনোভাব পরিহার করা উচিত। যুদ্ধ করার জন্য ঢুকবো, বেরিয়ে যাব। অন্য পক্ষ যুদ্ধ করে থাকতে দেবো না-এ রকম মনোভাব পরিহার করা উচিত। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে, সংসদ প্রাণবন্ত করতে হলে সংসদ সদস্যদের পরমত সহিষ্ণু হতে হবে।" আগামী প্রকাশনীর কর্ণধার ওসমান গণি জানান, তাদের প্রকাশিত বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ওই সময়ের গণপরিষদের সদস্যদের স্বাক্ষরও রয়েছে। ৭২'র সংবিধানে স্বাক্ষর রয়েছে- বর্তমান সংসদে এমন তিনজন রয়েছেন বলে স্পিকার জানান। স্পিকার ছাড়া অন্য দুজন হলেন তোফায়েল আহমেদ ও দেওয়ান ফরিদ গাজী। প্রথম সংসদের দুই জন সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমা ও সুরঞ্জিত সেন গুপ্ত তাতে স্বাক্ষর করেননি বলে হামিদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্স এর মহাপরিচালক মোনায়েম সরকার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সস্পাদক নুহউল আলম লেনিন, সংসদ সদস্য আবুল কালাম আজাদও বক্তব্য রাখেন। স্পিকার পরে আওয়ামী লীগের সংসদ সদস্য আবুল কালাম আজাদের 'রাম শীষের প্রশ্ন' বইয়েরও মোড়ক উন্মোচন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৮৪০ ঘ.