২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোসেন হত্যার প্রতিবাদে আধা বেলা ধর্মঘট

কমিশনার আহমেদ হোসেন হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর ৭০ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার বিএনপির ডাকে আধা বেলা ধর্মঘট পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2010, 05:17 AM

Updated : 24 Aug 2022, 06:45 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিশনার আহমেদ হোসেন হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরীর ৭০ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার বিএনপির ডাকে আধা বেলা ধর্মঘট পালিত হয়েছে। ধর্মঘটের সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন স্থানে মিছিল করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। দুপুর ১২টা পর্যন্ত ওই ওয়ার্ডের বংশাল, আলুবাজার, নর্থ সাউথ রোড, কাজী আলাউদ্দিন রোড, সৈয়দ শহীদ নজরুল ইসলাম সরণী, কাজী ওসমান গনি রোড ও লুৎফর রহমান রোডের অধিকাংশ দোকানপাটই ছিলো বন্ধ। ধর্মঘট শান্তিপূর্ণ ছিলো বলে পুলিশ জানিয়েছে। হোসেন ৭০ নম্বর ওয়ার্ডের কমিশনার ছিলেন। সকাল থেকে বিএনপি নেতা-কর্মীরা বংশালে স্থানীয় বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকে। সাড়ে ১০টার দিকে মিছিল বের করে তারা। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, ৬৯ নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ মোহন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা আনিসুর রহমান খোকন, মোক্তাজুল করিম বাদরু, মীর নেওয়াজ আলী, আলী রেজা রিপন মিছিলে নেতৃত্ব দেন। মিছিল বংশাল ও নর্থ সাউথ রোড ঘুরে আবার বংশাল কার্যালয়ে ফিরে শেষ হয়। হাবিবউন নবী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার ওয়ার্ড কমিশনারদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দেশের সাধারণ মানুষের আজ নিরাপত্তা নেই।" তিনি অবিলম্বে হোসেন হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেন। কমিশনার মোহন জানান, বিকালে তারা মিছিল নিয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। বংশাল থানার উপপরিদর্শক গৌতম রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘটের সমর্থনে মিছিল চললেও পরিস্থিতি ছিলো শান্তিপূর্ণ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক ছিলো বলেও জানান তিনি। কমিশনার হোসেন মঙ্গলবার পুরান ঢাকার আলু বাজারে নিজের বাড়ির কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তিনি যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) কমিটির সভাপতি ছিলেন। তার হত্যার প্রতিবাদে শনিবার বিকালে মুক্তাঙ্গনে সমাবেশ করবে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এফএফ/আরএ/এমআই/১২২০ ঘ.