২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপপ্রচার চলছে, উদ্দেশ্য আন্দোলন ঠেকানো: বিএনপি

বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এর উদ্দেশ্য আন্দোলন দমিয়ে রাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2010, 11:14 AM

Updated : 24 Aug 2022, 06:39 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে অভিযোগ করে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এর উদ্দেশ্য আন্দোলন দমিয়ে রাখা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ রয়েছে জানিয়ে তিনি বলেন, "জনগণ যেন সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হতে না পারে, সে জন্য আওয়ামী লীগ বেসামাল হয়ে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালাচ্ছে।" কাগমারী সম্মেলনের ৫৩তম বার্ষিকী উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মোশাররফ একথা বলেন। ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) এ সভা আয়োজন করে। সাবেক মন্ত্রী মোশাররফ সরকারের সমালোচনা করে বলেন, "প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছেন। এতে বাংলাদেশের লাভের কিছু নেই।" প্রধানমন্ত্রীর সফরে ভারতের সঙ্গে অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি হয়। এগুলো হলো- অপরাধ সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, দণ্ডাদেশ পাওয়া অপরাধীদের হস্তান্তর চুক্তি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সংঘবদ্ধ অপরাধ ও অবৈধ মাদক পাচার রোধ চুক্তি। সরকারকে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আহবান জানিয়ে মোশাররফ বলেন, "বিরোধী দলের ওপর দমন-পীড়ন বন্ধ করে জনগণের সমস্যার সমাধান করুন।" 'কাগমারী সম্মেলন: বাংলাদেশের স্বাধীনতা ও আজকের প্রেক্ষাপট' শীর্ষক ওই আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া। ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধিকার আন্দোলনের ডাক দেন। ওই সম্মেলনের পর মতবিরোধ দেখা দিলে আওয়ামী লীগ থেকে বেরিয়ে ন্যাপ গঠন করেন ভাসানী। ব্যারিস্টার জেবেল রহমান গনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সংসদে বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, জামায়াতের ইসলামী আইন বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, জাগপা'র সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭৪৫ ঘ.