নোয়াখালী, ফেব্রুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে বিরোধী দলের উপস্থিতি সরকার ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, "যে মুহূর্তে বিরোধীদল সংসদে যোগ দেওয়ার ঘোষণা দেয় তখনই প্রধানমন্ত্রী ও সরকারি দলের সিনিয়র নেতারা সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর ও কফিন নিয়ে অশালীন উক্তি করেন।"
সরকারি দলের এই আচরণ গণতন্ত্রের বিকাশ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য অন্তরায় হয়ে দাঁড়ায় বলে মনে করেন গয়েশ্বর।
শনিবার বিকালে নোয়াখালীর শহীদ মিনার চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান বিএনপির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
গয়েশ্বর বলেন, "দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসে জনগণের কল্যাণ এবং উন্নয়নের চিন্তা না করে নিজেদের ভাগ্য বদলে মরিয়া হয়ে উঠছে।"
তিনি বলেন, "প্রধানমন্ত্রী তার ভারত সফরকে উল্লেখ্যযোগ্য অর্জন বলে জনগণকে বিভ্রান্তি করছেন। ভারতের সঙ্গে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তাতে দেশ বিক্রি না হলেও দেশকে বন্ধক দেওয়া হয়েছে।"
যে টাকা ব্যয় করে ভারত থেকে বিদ্যুৎ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে সেই টাকায় দেশে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায় বলে গয়েশ্বর মনে করেন।
তিনি আরো মনে করেন, বিদ্যুতের মত একটি অতি জরুরি ও আবশ্যক বিষয় ভারতের উপর নির্ভর করা কোনভাবেই ঠিক হবে না। কারণ প্রয়োজনের মুহূর্তে ভারত বিদ্যুৎ সরবরাহ না করলে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হবে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24