২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীর'র প্রচারপত্র বিলির সময় গ্রেপ্তার ৩

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর'র প্রচারপত্র (লিফলেট) বিতরণের সময় শুক্রবার রাজধানীতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2010, 03:52 PM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর'র প্রচারপত্র (লিফলেট) বিতরণের সময় শুক্রবার রাজধানীতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও আইসিএমএবি'র এই তিন ছাত্রকে রাজধানীর তিনটি মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাদের জামিল চৌধুরীকে (২১) গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদের পূর্ব গেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সাংবাদিকদের জানান পল্টন থানার ওসি মো. মজিবুর রহমান। তিনি বলেন, "হিযবুত তাহরীর নিষিদ্ধ থাকায় এই সংগঠনের নামে লিফলেট বিতরণ বা যেকোন ধরনের কর্মকাণ্ড আইনবিরোধী। আটক নাদের জামিলের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হবে।" একই অভিযোগে নিউমার্কেট থানার মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওয়াহিদুল হককে (২৪)। নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রসুল আহমেদ নিজামী জানান, হিযবুত তাহরীরের লিফলেট বিতরণের অভিযোগে জুম্মার নামাজের পর মসজিদের সামনে থেকে ওয়াহিদুলকে গ্রেপ্তার করা হয়। একই সময় ধানমন্ডি ৭/১ রোডের বায়তুল আমান মসজিদের সামনে থেকে হিযবুত তাহরীরের একই লিফলেট বিতরণের সময় রিয়াজুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক আলমগীর বলেন, "আইসিএমএবির ছাত্র রিয়াজুলকে বায়তুল আমান মসজিদের সামনে থেকে লিফলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।" পরে এ তিনজনের বাসায় অভিযান চালায় পুলিশ। সরকার গত বছরের শেষ দিকে হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/এমএসবি/২১৪৮ ঘ.