মিঠুন চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালে দেশের উন্নয়নের পরিবর্তে নিজেদের আখের গুছিয়েছে।
বুধবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় মহামায়া সেচ প্রকল্প উদ্বোধনের পর সেখানে এক জনসভায় তিনি এ কথা বলেন।
চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ জনসভায় তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরুর কথা জানিয়ে অদূর ভবিষ্যতে তা ছয় লেনে উন্নীত করার আশ্বাস দেন তিনি।
আওয়ামী লীগ সভানেত্রী অভিযোগ করেন, তার আগের সরকারের সময়ে নেওয়া বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জোট সরকার বন্ধ করে দিয়েছিলো।
তিনি বলেন, "বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলো, তখন শুধু নিজেদের আখের গুছিয়েছে। সবকিছু লুটেপুটে খেয়েছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় গিয়ে আমাদের গৃহীত সব উন্নয়ন প্রকল্প বাতিল করে দেয়।"
"যাদের ভাঙা সুটকেস আর ছেঁড়া গেঞ্জি ছাড়া কিছু ছিলো না, তারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন। তাদের বিলাসবহুল জীবনযাপন আপনারা টেলিভিশনে দেখেছেন", বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ইঙ্গিত করে বলেন হাসিনা।
জনগণকে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "যারা মানুষের রক্ত চুষে খায় তাদের দ্বারা জনগণের উন্নয়ন হবে না।"
প্রায় দুই বছর পূর্ণ করতে যাওয়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারকে ক্ষমতায় পাঠানোর জন্য জনগণকে ধন্যবাদও জানান হাসিনা।
নতুন শিক্ষানীতিতে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষারও সুযোগ থাকছে বলে প্রধানমন্ত্রী জানান। দেশের বিদ্যুৎ সঙ্কট নিরসনে ৩৩টি বিদ্যুত কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, আরো ১০টি কেন্দ্রের কাজ শুরু হবে।
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়েছে। ভবিষ্যতে এ মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে। চট্টগ্রামের রেল লাইন সংস্কার প্রকল্পও ইতোমধ্যে পাস হয়েছে। ঢাকা থেকে কক্সবাজার সরাসরি ট্রেনে যাওয়া যাবে।"
চট্টগ্রাম বন্দরেরর উন্নযনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দরের কাজ শিগগিরই শুরু হবে।
মহামায়া সেচ প্রকল্পের কারণে এ এলাকার বাসিন্দারা অকাল বন্যা থেকে এলাকাবাসী রক্ষা পাবে বলে প্রধানমন্ত্রী জানান। এই সেচ প্রকল্প এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্র ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার আশ্বাসও দেন তিনি।
প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে মহামায়া সেচ প্রকল্পের আওতায় ৩ হাজার ৩৬০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়া হবে। ২০০৭-০৮ অর্থ বছরে এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়, ২০০৯ সালে কাজ শুরু হয়ে চলতি বছর শেষ হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিরসরাইয়ের মুহুরি প্রকল্প এলাকা পর্যন্ত জেগে ওঠা ১৭ হাজার একর চরে শিল্প পার্ক গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
সেচ প্রকল্প উদ্বোধনের পর মিরসরাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন হাসিনা। এতে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24