২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমা-খরচের হিসাব দিচ্ছে বিএনপি

আইন অনুযায়ী দলের বার্ষিক জমা-খরচের হিসাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 05:58 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন অনুযায়ী দলের বার্ষিক জমা-খরচের হিসাব জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জমা দিতে যাচ্ছে প্রধান বিরোধী দল বিএনপি। বুধবারই তা জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আহমেদ আজম খান। তিনি সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্বাচন কমিশনের বিধিমালা অনুসারে নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে বিএনপি তার প্রাপ্তি-ব্যয়ের হিসাব বিবরণী আজ (বুধবার) রাজস্ব বোর্ডের কাছে জমা দিচ্ছে। মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের স্বাক্ষরের পর দুপুরে তা জমা দেওয়া হবে।" হিসাব বিবরণী জমা দিতে আহমেদ আজম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের থাকছেন চার্টার্ড অ্যাকাউন্টেসি ফার্ম 'আব্দুল হক অ্যান্ড কোম্পানি'র এক জন চার্টার্ড একাউনটেন্ট, আজম খান অ্যান্ড অ্যাসোসিয়েটসের আইনজীবী মঞ্জুর হোসেন ও নীরু শামসুন্নাহার সিদ্দিকা। আজম বলেন, "রাজনৈতিক দল হিসেবে বিএনপির আয় বলে কিছুই নেই। তবে প্রাপ্তি হিসেবে দলীয় নেতা-কর্মী-সমর্থকদের কাছ থেকে পাওয়া চাঁদা ও অনুদানের অর্থের হিসাব রয়েছে। প্রাপ্তির অর্থ দলের সভা-সমাবেশ, প্রশাসনিকসহ আনুসাঙ্গিক খাতে ব্যয় করা হয়েছে। তা হিসাব বিবরণীতে সন্নিবেশিত করা হয়েছে।" গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের পর এই প্রথম নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বিএনপি তার হিসাব বিবরণী রাজস্ব বোর্ডের কাছে জমা দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১২৫ ঘ.