মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন পৌর নির্বাচনে ব্যালট পেপার মুদ্রণ, নির্বাচনী মালামাল কেনা, ভোটগ্রহণ কর্মকর্তাদের ভাতা, যানবাহন ভাড়াসহ নির্বাচন পরিচালনায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা।
তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যয় খাত এর বাইরে থাকছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (পৌর) সৈয়দ খুরশিদ আনোয়ার আইন শৃঙ্খলা খাতে বরাদ্দ চেয়ে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়েছেন। এতে তিনি উল্লেখ করেন, কয়েকবার তাগাদা দেওয়ার পরও এ ব্যাপারে সাড়া মেলেনি। ১২ জানুয়ারি থেকে এ নির্বাচন শুরু হচ্ছে।
এই নির্বাচনে পুলিশ, আনসার, র্যাব, ব্যটালিয়ন আনসার ও সীমিত আকারে সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও কোস্টগার্ড) সদস্যরা আইন শৃংখলা রক্ষায় নিয়োজিত থাকবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন পরিচালনা ব্যয়ের সিংহভাগ বরাদ্দ হয় আইন-শৃঙ্খলা খাতে। পৌর নির্বাচনেও অন্তত দুই তৃতীয়াংশ ব্যয় এ খাতেই হবে।
তিনি জানান, আইন শৃঙ্খলাবাহিনী ক'দিন মোতায়েন থাকবে এবং সশস্ত্র বাহিনীর কি পরিমাণ সদস্য থাকছে তার উপরই নির্ভর করছে এ ব্যয়।
এছাড়া নির্বাচনী কর্মকর্তাদের ভাতা ও অন্যান্য বরাদ্দ নবম সংসদ নির্বাচনের মতোই থাকছে বলে জানান এই অতিরিক্তি সচিব।
ইসি কর্মকর্তারা জানান, নবম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্বপালনকারী প্রিজাইডিং অফিসারদের জন্য এক হাজার টাকা, সহকারী প্রিজাইডিং অফিসারদের সাতশ টাকা, পোলিং অফিসারদের ছয়শ টাকা করে সম্মানী দেওয়া হয়।
ব্যালট পেপার মুদ্রণসহ আনুষাঙ্গিক নির্বাচনী মালামাল কেনা, কর্মকর্তাদের ভাতা, পরিবহন খাত ও অন্যান্য খাতে ৩০ কোটি টাকা থেকে ৩৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে বলে জানান জ্যেষ্ঠ সহকারি সচিব আবদুল বাতেন।
নির্বাচন পরিচালনায় সম্ভাব্য ব্যয়ের সুনির্দিষ্ট পরিমাণ না জানালেও একজন কর্মকর্তা জানান, প্রথানুযায়ী নির্বাচনের আগে বাজেট তৈরি করে অর্থবিভাগে পাঠানো হয়। এবারো সে নিয়ম অনুসরণ করা হবে। নির্বাচনের অর্থ ছাড়ে কোনো ঝামেলা হয় নি বর্তমান কমিশনের।
বরাদ্দের উল্লেখযোগ্য অংশ ভোটগ্রহণ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পারিশ্রমিক, নির্বাচনী মালামাল (স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, আম কাঠের প্যাকিং বাক্স, অমোচনীয় কালি ইত্যাদি) কেনায় ব্যয় হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা। এছাড়া ব্যালট পেপার, বিভিন্ন ফরম, প্যাকেট, নির্দেশিকা, ম্যানুয়াল, মনিটরিং সেল, প্রচারণা, ভোটকেন্দ্র-ভোটকক্ষ নির্মাণ, কক্ষ সংস্কার, ভোটকেন্দ্রের বেষ্টনি নির্মাণ, ভোটকেন্দ্রের মনোহারী দ্রব্য কেনা, পরিবহন খরচ, কর্মকর্তাদের ডাক, তার, বার্তাবাহক, জ্বালানিসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী কেনায়ও অর্থ ব্যয় হবে।
রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নির্বাচনী ফলাফল আদান-প্রদান, নির্বাচনী ট্রাইব্যুনাল ও মামলা পরিচালনা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জ্বালানী খরচ, সহকারী রিটার্নিং অফিসারদের যাতায়াত ব্যয়ও রয়েছে।
তফশিল ঘোষিত আড়াই শতাধিক পৌরসভায় মোট ভোটার ৬৯ লাখ ২২ হাজার ৩০৩ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৩০ হাজার ২৩১ এবং মহিলা ৩৪ লাখ ৯২ হাজার ৭২। মোট ভোট কেন্দ্র ৩ হাজার ২৫০ ও ভোট কক্ষ ১৬ হাজার ২৩৩। এবার নির্বাচনে ৪০ হাজারেরও বেশি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
সোমবার ইসি সচিবালয়ের উপ সচিব (প্রশাসন) জেসমীন টুলী গভর্ণমেন্ট প্রিন্টিং প্রেস/সিকিউরিটি প্রিন্টিং প্রেসের উপনিয়ন্ত্রকককে এক পত্রে জানান, এবার পৌর নির্বাচনে ২ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৩০৩টি ব্যালট পেপার মুদ্রণ করতে হবে। ওই দিনই এক লাখ ৮০ হাজার ব্যালট পেপার মুদ্রণের কার্যাদেশ দেন তিনি।
নির্বাচন প্রস্তুতিতে কেন্দ্র ও ভোটকক্ষভিত্তিক আনুষাঙ্গিক মালামাল কেনা ও অন্যান্য কার্যক্রম দ্রুত এগোচ্ছে বলে জানান জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, আইন শৃঙ্খলা খাতে ব্যয় ছাড়াই প্রতি পৌরসভায় গড়ে ১৫ লাখ টাকা ব্যয় হতে পারে। তবে সংসদ ও উপজেলা নির্বাচনের কিছু মালামাল থাকায় এ ব্যয় কিছু কমতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/২১০৭ ঘ.
bdnews24