নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটক বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে কারা কর্তৃপক্ষ দেখা করতে দেয়নি বলে অভিযোগ করেছেন তার আইনজীবী।
তার আইনজীবী একেএম ফখরুল ইসলাম অভিযোগ করেন নারায়ণগঞ্জ জেলা কারাগারে দেখা করতে গেলে কর্তৃপক্ষ তার সঙ্গে 'দুর্ব্যবহার' করেছে।
তবে কারারক্ষক বদিউদ্দোজা দুর্ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছেন।
রোববার জেলা কারাগারের সামনে ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "বেলা সাড়ে ১১টার দিকে আমি কারা কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করি।
"কিন্তু কারারক্ষক জানান, তার সঙ্গে দেখা করা যাবে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বজনরা তার সঙ্গে দেখা করে গেছেন।"
এ সময় কারারক্ষক তার সঙ্গে দুর্ব্যবহার করেন জানিয়ে তিনি বলেন, আইনত একজন আইনজীবীকে আসামির সঙ্গে দেখা করা ও মামলা সংক্রান্ত বিষয়ে কথা বলতে দেওয়ার বিধান রয়েছে।
ফখরুল আরো বলেন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলাসহ অন্যান্য মামলার বিষয়ে তার সঙ্গে জরুরি পরামর্শের জন্য তিনি দেখা করার আবেদন করেছিলেন।
এর আগে শনিবারও তার সঙ্গে দেখা করার আবেদন করা হলে কারা কর্তৃপক্ষ অনুমতি দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একজন লোক নিজেকে আইনজীবী দাবি করে সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য আবেদন জানান।
"তিনি আসলে তার আইনজীবী কিনা তা জানার জন্য কারাগারের ভেতরে একজন কারারক্ষীকে পাঠানো হলে সাকা চৌধুরী কোনো উত্তর পাঠাননি। এ সময় ওই আইনজীবী অপেক্ষা না করেই চলে যান।"
তবে ওই আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেন।
এদিকে কারাগারে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্বজন ও আইনজীবী আসার খবরে শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপির নেতাকর্মীরা কারাগারের সামনে ভিড় জমান।
গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ তদন্তে গঠিত সংস্থার আবেদনের পর গত ১৬ ডিসেম্বর সাকাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া রোববার চট্টগ্রামের ফটিকছড়ি থানায় করা রাষ্ট্রদ্রোহ মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯৩১ ঘ.
bdnews24